হারিয়ে যাওয়া বাংলাদেশ সঠিক পথে এগিয়ে যাচ্ছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

আপডেট : ১৮ আগস্ট ২০২৩, ২১:২৮

রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের সংসদ সদস্য ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেন, বঙ্গবন্ধুকে হারিয়ে উন্নয়নের দিক থেকে আমরা অনেক পিছিয়ে গেছি। তবে দেরিতে হলেও জাতির পিতার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রীর প্রচেষ্ঠায় আমরা হারিয়ে যাওয়া বাংলাদেশের সঠিক পথ খুঁজে পেয়েছি।

শুক্রবার (১৮ আগস্ট) বিকালে বাঘার কিশোরপুর উচ্চ বিদ্যালয় মাঠে পাকুড়িয়া ইউনিয়ন আয়োজিত জাতীয় শোক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শাহরিয়ার আলম বলেন, ১৯৭১ সালের পরাজিত বাহিনী ও পথভ্রষ্ট কতিপয় সামরিক কর্মকর্তা এবং বেইমান মুশতাক ও জিয়া ১৯৭৫ এর ১৫ আগস্ট হত্যা করেছিল তৎকালীন রাষ্ট্রপতি শেখ মুজিব রহমানসহ তার পরিবারের ১৭ জন সদস্যকে। আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। সেদিন জার্মানে শেখ হাসিনা তার স্বামীর কাছে ছোটবোন রেহেনাকে সঙ্গে নিয়ে অবস্থান করায় ভাগ্যক্রমে তারা বেঁচে গিয়েছিল।

তিনি বলেন, এদেশে হ্যাঁ-না ভোট প্রদানের মাধ্যমে ভোট ডাকাতি করেছিল বিএনপি। বর্তমানে তাদের অবস্থান কোথায় ? জিয়াউর রহমান ও খালেদা ছিলো একটা কিট। আর তাদের কাছ থেকে জন্ম নিয়েছে এদেশের সবচেয়ে বড় কিট তারেক জিয়া। তিনি লন্ডনে বসে রাজনীতি করেন। ২০০৪ সালে ২১ আগস্ট গ্রেনেড হামলা করে আইভি রহমানসহ অসংখ্য মানুষের প্রাণ নিয়েছে। একটি কথা মনে রাখবেন, আগুন লাগানো যতটা সহজ, নেভানো তার চেয়ে অনেক কঠিন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, আমাদের প্রধানমন্ত্রী সব সময় একটি কথা বলেন, সততার উপরে কোনো শক্তি নাই। আমি তার সেই কথাটি হৃদয়ে ধারণ করে পথ চলি। আমি চাই, আমার নির্বাচনী এলাকার গরিব-দুঃখী মানুষের পাশে থাকতে। আমি অত্র এলাকার নদী তীরবর্তী এলাকার মানুষের ঘরবাড়ীসহ আবাদি জমি ভাঙন রক্ষা করতে সাড়ে ৭০০ কোটি টাকা ব্যয়ে নদী ড্রেজিং এবং ব্লক নির্মাণ প্রকল্প বাস্তবায়ন করেছি। যা বিগত কোনো সরকারের আমলে হয়নি। আপনারা ইতিমধ্যে অবগত হয়েছে, এ অঞ্চলের কতিপয় রাজনৈতিক নেতা মুখে নৌকার কথা বললেও অন্তরে তলা ফুটো করে বসে আছে। তাদের কথায় কেউ বিভ্রান্ত হবেন না। আমার বিরুদ্ধে এক নেতা বিদ্রোহী প্রার্থী হয়েছিল। কিন্তু দুঃখের বিষয় জামানত ফেরত পাইনি।  তার পরেও আমি আপনাদের মাঝে কথা দিয়ে যাচ্ছি ,আগামী জাতীয় সংসদ নির্বাচনে যে নৌকা পাবে, আমি তার পক্ষে ভোট করবো।

পাকুড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ও সাধারণ সম্পাদক সামিউল ইসলাম নয়ন সরকারের সঞ্চালনায় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, রাজশাহী জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলফোর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল, উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান ফাতেমা খাতুন লতা, মোজাহার হোসেন মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ নছিম উদ্দিন, সাবেক উপজেলা সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম মন্টু ,আওয়ামী লীগ নেতা মাসুদ রানা তিলু, সাবেক জেলা ছাত্রলীগ নিতা সুজন আলীসহ আরও অনেকে।

 

 

ইত্তেফাক/এবি