জয়পুরহাটে ২২ মাদক সেবনকারী গ্রেফতার

আপডেট : ২৬ জুন ২০১৯, ২২:১৮

জয়পুরহাট প্রতিনিধি

জেলা শহরের রেল স্টেশন ও চিনিকল এলাকায় বুধবার ভোর রাত পর্যন্ত অভিযান চালিয়ে ২২ মাদক সেবনকারীকে গ্রেফতার করেছে জয়পুরহাট ক্যাম্পের র্যাব সদস্যরা।

র্যাব জানায়, জয়পুরহাট র্যাব ক্যাম্পর ভারপ্রাপ্ত অধিনায়ক সহকারী পুলিশ সুপার এ কে এম এনামুল করিম অভিযানে নেতৃত্ব প্রদান করেন। অভিযানের সময় তাদের কাছ থেকে ইয়াবা ট্যাবলেট ৬ পিস, গাঁজা খাওয়ার কলকি একটি, ইয়াবা সেবনের পাইপ ১৪টি, গ্যাস লাইট আটটি, গাঁজা কাটার কাঁচিসহ অন্যান্য মালামাল উদ্ধার করে র্যাব সদস্যরা। মামলা দায়ের করে গ্রেফতারকৃতদের জয়পুরহাট থানায় সোপর্দ করা হয়েছে বলে র্যাব জানায়।

ফেনসিডিলসহ মাদক

ব্যবসায়ী গ্রেফতার

মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ২৪৬ বোতল ফেনসিডিল ও ৩১০ বস্তা ভারতীয় পিঁয়াজসহ মঙ্গলবার রাতে রাশেদুল ইসলাম নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব।

র্যাব জানায়, আমদানীকৃত ভারতীয় পিঁয়াজের ট্রাকে ফেনসিডিল বহন করা হচ্ছে গোপন খবরে সদরের পুরানাপৈল এলাকায় অভিযান চালায় র্যাব সদস্যরা। এ সময় ট্রাকের ভেতরে বিশেষ কায়দায় বহন করা ২৪৬ বোতল ভারতীয় আমদানী নিষিদ্ধ ফেনসিডিলসহ রাশেদুল ইসলাম নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এ সময় পিঁয়াজ ৩১০ বস্তা, মোবাইল সেট দুটি, সিম কার্ড দুটি উদ্ধার করা হয়।

মামলা দায়েরসহ রাশেদুলকে জয়পুরহাট থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান র্যাব জয়পুরহাট ক্যাম্পের ভারপ্রাপ্ত অধিনায়ক সহকারী পুলিশ সুপার এ কে এম এনামুল করিম।