গতকাল হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে শুরু হওয়া বিশ্ব অ্যাথলেটিকসের ১০০ মিটার বাছাইয়ের প্রথম রাউন্ডে ভালো করেছেন লন্ডন প্রবাসী বাংলাদেশি বংশোদ্ভূত ইমরানুর রহমান। তিনি তৃতীয় বাছাইয়ে প্রথম হয়েছেন। তার টাইমিং ছিল ১০.৫০। এশিয়ান অ্যাথলেটিকসে তার টাইমিং ছিল ১০.২৫। ১০.২৯ ছিল জাতীয় অ্যাথলেটিকসে।
গতকাল হাঙ্গেরিতে প্রিলিমিনারি রাউন্ডের তৃতীয় হিটের ৪ নম্বর লেনে ছিলেন ইমরানুর। তার পেছনে ছিলেন মোজাম্বিকের অ্যাথলেট পেরেইয়া ওনিসিও, তার টাইমিং ছিল ১০.৪৯। একটুর জন্য পিছিয়ে গেছেন তিনি। ইমরানুরের দৌড় ভালো ছিল। কিন্তু তিনি অনেক দূর এগিয়ে যাওয়ায় নিজের গতি কমিয়ে দিয়েছিলেন বলে সংবাদমাধ্যমকে জানিয়েছেন অ্যাথলেটিকস ফেডারেশনের সাধারণ সম্পাদক আব্দুর রকিব মন্টু।
ইমরানুর ও মোজাম্বিকের অ্যাথলেট দ্বিতীয় রাউন্ডে উঠেছেন। দ্বিতীয় রাউন্ড গতকাল রাতেই অনুষ্ঠিত হয়। এবার বিশ্ব অ্যাথলেটিকসে ইমরানুর তার নিজের কোচ স্টিভেন ওয়াট এবং ফিজিও রব আরীকে নিয়ে গেছেন। ইমরানুর লন্ডনে বসবাস করেন এবং সেখানেই অনুশীলন করেন।
