রাজবাড়ীতে রাস্তায় পড়ে থাকা বোমা বিস্ফোরণে মো. সুমন শেখ (১৭) নামক এক কিশোরের কব্জি উড়ে গেছে। রোববার (২০ আগস্ট) দুপুরে সদর উপজেলার খানগঞ্জ ইউনিয়নের বেলগাছি এলাকায় রেলস্টেশনের পাশে এ ঘটনা ঘটে। বর্তমানে সে রাজবাড়ী সদর হাসপাতালের সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে।
আহত সুমন শেখ খানগঞ্জ ইউনিয়নের বেলগাছি হরিহরপুর গ্রামের আব্দুল হালিম শেখের ছেলে এবং জন্মগতভাবে বাক ও শ্রবণ প্রতিবন্ধী।
জানা গেছে, আহত কিশোর ভবঘুরে চলাফেরা করেন। রাস্তা-ঘাটে পড়ে থাকা বিভিন্ন জিনিস সংগ্রহ করা তার অভ্যাস। রোববার দুপুরে পরিত্যক্ত বোমাটি পেয়ে কৌতূহলবশত নাড়াচাড়া করলে বিস্ফোরণের ঘটনা ঘটে।
হাসপাতালে বিস্ফোরণে আহত সুমনের মা মালেকা বেগম বলেন, আমার ছেলে জন্মগত বাক ও শ্রবণপ্রতিবন্ধী। সকালে খাওয়া-দাওয়া করে সে বাড়ি থেকে বের হয়ে রেলস্টেশনের দিকে যায়। পরে দুপুরে স্থানীয়দের কাছে খবর পাই আমার ছেলে বোমা বিস্ফোরণে আহত হয়েছে।
রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. ইফতেখারুজ্জামান বলেন, ঘটনাস্থলে বোমা বিস্ফোরণের আলামত পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, এটি বোমা হবে। এ বিষয়ে নিয়ে তদন্ত চলমান রয়েছে।
