বিমানের টিকিট প্রতারণায় ভাঙারি দোকানি

আপডেট : ২৩ আগস্ট ২০২৩, ০৩:০০

অস্ট্রেলিয়া প্রবাসীর নামে ফেসবুক আইডি চালু করে বিমানের টিকিট কাটার কথা বলে অর্থ হাতিয়ে নেওয়া প্রতারক মিজানুর রহমানকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (দক্ষিণ) বিভাগ। 

ডিবি জানায়, মিজানুর রহমান এক অস্ট্রেলিয়ান প্রবাসীর নামে ফেসবুক আইডি খুলে তার (প্রবাসীর) হাবিব নামে এক বন্ধুকে তার মোবাইল ফোনে খুদে বার্তা পাঠান। তাতে তিনি বলেন, ‘আমি এখন অস্ট্রেলিয়া  থেকে বাংলাদেশে আসার প্লেনে আছি। প্লেনের ওয়াই-ফাই ব্যবহার করে আপনাকে নক দিয়েছি। চট্টগ্রাম-ঢাকা যাওয়ার প্লেনের চারটি টিকিট কেটেছি। টিকিটগুলো কনফার্ম করার জন্য এজেন্সিকে টাকা পাঠাতে হবে। আমি একটি বিকাশ নম্বর দিচ্ছি, আপনি টাকা পাঠিয়ে টিকিটগুলো কনফার্ম করে দিন আমাকে।’

বন্ধুর কথা মতো হাবিব বিকাশ নম্বরে ১৮ হাজার টাকা পাঠিয়ে দেন। টাকা পাঠানোর পর তিনি দেখেন, তার (অস্ট্রেলিয়ান প্রবাসী) বন্ধুর আইডি থেকে সব মেসেজ ডিলিট করা হয়েছে। পরে তার সন্দেহ হলে তিনি একই নামে তার বন্ধুর আরেক আইডিতে নক দিয়ে জানতে পারেন, তিনি অস্ট্রেলিয়াতেই আছেন। তার বন্ধুর নামে ঐ আইডিটি ছিল ভুয়া। এই আইডিটি চালু করেছিলেন মিজানুর রহমান। 

হাবিব বুঝতে পারেন যে প্রতারিত হয়েছেন কোনো চক্রের মাধ্যমে। ঘটনার দীর্ঘ দিন পর গত ১৪ আগস্ট ডিএমপির রমনা থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা দায়ের করেন। সেই মামলার তদন্ত করতে গিয়ে গত ১৬ আগস্ট আসামি মিজানুরকে রংপুর থেকে  গ্রেফতার করে ডিবি। ডিবির সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (দক্ষিণ) বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) সাইফুল রহমান আজাদ জানান, অভিযুক্ত মিজানুর অস্ট্রেলিয়া প্রবাসীর ফেসবুক আইডি থেকে ছবি ডাউনলোড করেন এবং তথ্য নিয়ে ইউসুফ খান নামে একটি ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করেন। গত এপ্রিল মাসে এই আইডি থেকে প্রবাসীর নামে বন্ধু হাবিবকে মেসেজ দিয়ে টাকা পাঠিয়ে টিকিট কনফার্ম করতে বলেন। মিজানুর আগে মোবাইল অপারেটর রবির সিম বিক্রির কাজ করতেন। সেই কাজ চলে গেলে তিনি তার ভাইয়ের সঙ্গে ভাঙারির দোকান চালাতেন।

ইত্তেফাক/এমএএম