রংপুরের মিঠাপুকুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে ফেসবুকে আপত্তিকর পোস্ট করায় মো. সাকিল মিয়া নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৩ আগস্ট) তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার সাকিল মিয়া উপজেলার মির্জাপুর ইউনিয়নের বৈরাতীহাট কাজীপাড়া গ্রামের বাসিন্দা।
মামলা সূত্রে জানা গেছে, সাকিল মিয়ার ফেসবুক আইডি থেকে গত ৩ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তি করা হয়। এ পোস্ট দেখার পর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রফিকুল ইসলাম তুহিন বাদী হয়ে ৪ আগস্ট থানায় মামলা করেন। মামলার পরিপ্রেক্ষিতে পুলিশ মঙ্গলবার রাতে বৈরাতীহাট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
মামলার বাদী রফিকুল ইসলাম তুহিন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ যখন উন্নয়নের উচ্চ শিখরে, তখন সরকার বিরোধীরা নানা চক্রান্ত করছে। এরই ধারাবাহিকতায় সাকিল তার ফেসবুক আইডিতে কুরুচিপূর্ণ পোস্ট করেছে।
মিঠাপুকুর থানার ওসি মোস্তাফিজুর রহমান বলেন, এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। সাকিলকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।
