‘শেখ ফজলুল হক মনি’র লেখা পুন:প্রকাশ করা প্রয়োজন’

আপডেট : ২৩ আগস্ট ২০২৩, ২২:২৮

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাগনে এবং বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা শহীদ শেখ ফজলুল হক মনি’র লেখা কলাম পুনঃপ্রকাশ করার উদ্যোগ নেয়া প্রয়োজন বলে জানিয়েছেন বঙ্গবন্ধু গবেষণা পরিষদের কেন্দ্রীয় সভাপতি লায়ন মো. গনি মিয়া বাবুল।

তিনি বলেছেন, ‘শেখ ফজলুল হক মনি যুবসমাজের মহানায়ক, তিনি একজন সৃজনশীল মানুষ ছিলেন। তিনি ছিলেন সাংবাদিক ও কলাম লেখক। ১৯৭১ সালে বাংলার বাণীতে প্রকাশিত শেখ মনির লেখাগুলো আমাদের মুক্তিযুদ্ধের অবিচ্ছেদ্য অংশ। নতুন প্রজন্মকে শেখ মনি সম্পর্কে জানানো আমাদের কর্তব্য। তার লেখাগুলো পুনঃপ্রকাশ করার উদ্যোগ নেয়া প্রয়োজন। সেই সাথে তার অপ্রকাশিত লেখা প্রকাশ করাও জরুরি।’

মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, আওয়ামী-যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মনি ও তার সহধর্মিনী আরজু মনি’র ৪৮তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে বুধবার (২৩ আগস্ট) বিকালে বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ কনফারেন্স হলে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন।

গনি মিয়া বাবুল বলেন, বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনা সর্বস্তরে বাস্তবায়ন করতে বঙ্গবন্ধুর চর্চা বাড়াতে হবে। সরকারি উদ্যোগে বঙ্গবন্ধু গবেষণা ইন্সটিটিউট প্রতিষ্ঠা করার দাবিও জানান তিনি।

বাংলাদেশ জাতীয় গণতান্ত্রিক লীগ সভাপতি এম.এ জলিলের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (অব) ড. মো. ইউনুস আলী প্রামাণিক, কাজী আরেফ ফাউন্ডেশনের সভাপতি কাজী মাসুদ আহমেদ, বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের সাধারণ সম্পাদক মো. রোকন উদ্দিন পাঠান, ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ এর সহ-সভাপতি স্বপন কুমার সাহা, বঙ্গবন্ধু শিশু কল্যাণ কেন্দ্রের মুশফিকুর রহমান মিন্টু, শ্রমিক নেতা হুমায়ুন কবির হাওলাদার, আওয়ামী লীগ নেতা সোহাগ চৌধুরী, সাবেক ছাত্রনেতা তসলিম উদ্দিন রানা, বাংলাদেশ উন্নয়ন পার্টির সভাপতি সৈয়দ মোকলেসুর রহমান, দৈনিক মুক্ত খবরের সহকারী সম্পাদক আব্দুল গনি মিয়া, নারী নেত্রী এলিজা রহমান, জনতা সাংস্কৃতিক পরিষদের সভাপতি শেখ বাদশা, কৃষক লীগ নেতা ফরিদ উদ্দিন প্রমুখ।

ইত্তেফাক/এএইচপি