বিইউপিতে ১১তম বার্ষিক সিনেট সভা অনুষ্ঠিত

আপডেট : ২৭ জুন ২০১৯, ০০:২০

বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি)-এর ১১তম বার্ষিক সিনেট সভা গতকাল বুধবার অনুষ্ঠিত হয়েছে। বিইউপির বিজয় অডিটোরিয়ামে সভায় সভাপতিত্ব করেন বিইউপির উপাচার্য ও সিনেট চেয়ারম্যান মেজর জেনারেল মোঃ এমদাদ উল বারী। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়। সভায় সিনেট চেয়ারম্যান বিশ্ববিদ্যালয়ের একাডেমিক, প্রশাসনিক, উন্নয়ন কার্যক্রমসহ বিভিন্ন দিক নিয়ে বক্তব্য উপস্থাপন করেন। পরে বিইউপির ট্রেজারার এয়ার কমডোর মুহাম্মদ বেলাল (২০১৮-২০১৯) অর্থবছরের সংশোধিত বাজেট ৯৮ কোটি ৮৯ লাখ টাকা ও (২০১৯-২০) অর্থবছরের ১০৬ কোটি ৬৩ লাখ টাকার বাজেট উপস্থাপন করেন। সিনেট সদস্যরা উপাচার্য এবং ট্রেজারারের বক্তৃতার ওপর আলোচনা করেন এবং বাজেট প্রস্তাব অনুমোদন করেন।

এছাড়া সিনেট সভায় বার্ষিক প্রতিবেদন (জুলাই ২০১৮-জুন ২০১৯) উপস্থাপন করেন পাবলিক রিলেশন ইনফরমেশন অ্যান্ড পাবলিকেশন্স অফিসের চিফ এয়ার কমডোর মো. আমিনুল ইসলাম। পরে উপস্থিত সদস্যরা এ প্রতিবেদনটি অনুমোদন করেন। বাজেটে সমাবর্তন, বই, জার্নাল ও ডকুমেন্ট ক্রয়, জার্নাল প্রকাশনা, ছাত্র-ছাত্রীদের মেধাবৃত্তি প্রদান, কারিকুলামের আধুনিকায়ন,কম্পিউটার সামগ্রী ও বই অনুদান, গবেষণা ব্যয়, মৌলিক গ্রন্থ প্রকাশনা, বিদেশি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে একাডেমিক বিনিময় কর্মসূচিতে অংশগ্রহণসহ একাডেমিক উন্নয়নে ব্যয় বরাদ্দের ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।

সভায় বিইউপির ভিসি ও সিনেট চেয়ারম্যান মেজর জেনারেল মোঃ এমদাদ উল বারী বিগত বছরে প্রতিষ্ঠানের উল্লেখযোগ্য কার্যক্রমের কথা উল্লেখ করে বলেন, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার একটানা তৃতীয় মেয়াদে ক্ষমতাসীন হন এবং এতে শিক্ষাসহ সার্বিক ক্ষেত্রে উন্নয়নের ধারাবাহিকতা অক্ষুণ্ন রয়েছে। শিক্ষার উন্নয়নের ধারাবাহিকতার প্রভাব বিইউপিতেও পরিলক্ষিত হচ্ছে। তিনি বলেন, বিইউপির ক্রমবর্ধমান চাহিদার সঙ্গে চলমান বিভিন্ন উন্নয়ন প্রকল্প রয়েছে। প্রতিষ্ঠানটি বয়সে নবীন হলেও শিক্ষক ও শিক্ষার্থীরা দেশ ও বিদেশে নিয়মিত প্রতিভার স্বাক্ষর রেখে চলেছে।

সিনেট সভায় সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান, সংসদ সদস্য এইচ এন আশিকুর রহমান, সংসদ সদস্য মেজর (অব) রফিকুল ইসলাম (বীর উত্তম) এবং বিইউপির উপ-উপাচার্য প্রফেসর ড. এম আবুল কাশেম মজুমদারসহ সিনেটের অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।