মাল্টিলেভেল মার্কেটিং বা এমএলএম কোম্পানিগুলো সাধারণ মানুষকে বারবার প্রতারণা করছে। এর দায় কি শুধু কোম্পানির না অন্য কারো? এসব প্রতারণায় মানুষ সচেতন হচ্ছে না। সচেতন হলে কি আর বারবার প্রতারণার শিকার হয়? এর দায় সবচেয়ে বেশি সাধারণ মানুষেরই। কারণ তারা জেনেশুনে লোভের বশবর্তী হয়ে তাড়াতাড়ি বড়লোক হওয়ার আশায় প্রতারিত হচ্ছে। যুবক-এর প্রতারণা, ডেসটিনির প্রতারণা, ই-ভ্যালি, ই-অরেঞ্চ-এর প্রতারণার খবর কে না জানে? শহর তো বটেই, গ্রামের মানুষও জানে এদের প্রতারণার খবর। তবু সাধারণ মানুষের হুঁশ নাই। এদের হুঁশ ফেরাবে কে? প্রতারণার দু-একটি ঘটনা হলে না হয়, বলা যেত যে, আমরা জানি না। কিন্তু এরকম প্রতারণার খবর তো প্রায়ই আসছে। কখনো ছোট পরিসরে কখনো বড় পরিসরে। ডেসটিনির প্রতারণার খবর তো সবাই জানে। সবাই জানে যে এমএলএম কোম্পানিগুলো মানুষকে প্রতারণা করে। জেনেশুনেও এসবে মানুষ পা দেয় কেন? এখানে কোম্পানির চেয়ে সাধারণ মানুষের দোষই বেশি।
লোভে পাপ, পাপে মৃত্যু—কে না জানে? তো আপনি এত লোভ করবেন কেন? অল্প সময়ে, অল্প পরিশ্রমে অধিক লাভ এখানেই তো ফাঁক-ফোকর বোঝা যায়। দু-চার জনকে অল্প সময়ে, অল্প পরিশ্রমে অধিক লাভ দেওয়া যায়, কিন্তু হাজার হাজার, লক্ষ লক্ষ মানুষকে কি দেওয়া যায়? একবারও কি ভেবে দেখেছেন? কোম্পানির কি গুপ্তধন আছে যে, তারা আপনাদের হাজার হাজার, লক্ষ লক্ষ মানুষকে অল্প পরিশ্রমে অধিক লাভ দেবে। আপনাদেরই টাকা এই হাত সেই হাত বদল করে আপনাকে দেবে, মাঝখানে তারা কারসাজি করবে। যে পণ্য কোম্পানিই এত কম দামে দিতে পারে না, সেটা অন্য কেউ কি দিতে পারে? এটা কি সম্ভব? এটা সাধারণ সেন্স থেকেই বোঝা যায়।
আপনি যেখানে টাকা দেবেন, তার সম্পর্কে সবকিছু অবগত হবেন না? দু-একজন লাভ পেয়েছে, তার কথার ওপর নির্ভর করেই লক্ষ লক্ষ টাকা দিয়ে দেবেন? যে কোম্পানিতে টাকা দিচ্ছেন, তার সরকারি অনুমোদন আছে কি না, কতদিন ধরে এ ব্যবসা করছে, তাদের লেনদেন সরকারি ব্যাংকের মাধ্যমে হয় কি না ইত্যাদি আপনি দেখবেন না?
আপনি চান চুপিচুপি ধনী হতে। যেখানে চুপিচুপি কাজ চলে, তারা যে চুপিচুপি চলে যাবে না তার কোনো গ্যারান্টি আছে? চুপিচুপি, আড়ালে-আবডালে কাজ তো করে চোরেরা। তো আপনি চোরের সঙ্গে থাকবেন, সম্পর্ক রাখবেন, তো আপনার ভালো করবে কে? আপনার ভালো হবে কী করে? চুপিচুপি ধনী হতে চাইবেন, চুপিচুপিই আপনার টাকা চলে যাবে। এতে অন্যের ওপর রাগ-গোস্সা, হা-হুতাশ, চেঁচামেচি না করে নিজের ওপরই করেন। কথায় আছে—পরধন লোভ মত্ত যে-ই জন, হাসিবে না সে কাঁদিবে সর্বক্ষণ।
সাধারণ মানুষ না হয় বোঝে না। কিন্তু এদের অভিভাবক তো আছে। তারা কী করে? ছেলেমেয়ে অবুঝ হলে বাবা-মায়ের ওপর দায়িত্ব হলো তাকে বোঝানো ও তার জানমালের নিরাপত্তা নিশ্চিত করা। তো রাষ্ট্র কি জনগণের মা-বাবা নয়? দেশে কে কী করছে, কীভাবে করছে তার নজরদারির দরকার নাই? কেউ প্রতারণা করলে তার শাস্তি নিশ্চিত করা কি দায়িত্ব নয়? সরকারি প্রতিষ্ঠান ব্যবহার করেও সাধারণ মানুষকে প্রতারণা করছে। এর দায় কি সরকার এড়াতে পারে?
