সাংবাদিক জামাল খাশোগি হত্যকান্ডে সৌদি আরবের তদন্তের সমালোচনা করেছেন জাতিসংঘের বিচার বহির্ভূত হত্যাকান্ড বিষয়ক স্পেশাল র্যাপোটিউর অ্যাগনেস কাল্লামার্ড। গতকাল বুধবার তিনি সংস্থাটির মানবাধিকার কাউন্সিলে তদন্ত রিপোর্ট পেশ করার সময় এই সমালোচনা করেন। খবর আল-জাজিরার
রিপোর্ট উপস্থাপনকালে অ্যাগনেস কাল্লামার্ড বলেন, সৌদি আরবের তদন্তে খাশোগিকে হত্যার নির্দেশদাতার নাম জানা যায়নি। তিনি বলেন, এই হত্যাকান্ডে সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান (এমবিএস নামে পরিচিত) এবং আরো কিছু সিনিয়র কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদ করা উচিত। সৌদি কর্তৃপক্ষের তদন্ত কমিটি হত্যাকান্ডের চেইন অব কমান্ড চিহ্নিত করতে ব্যর্থ হয়েছে। গত ১৯ জুন কাল্লামার্ড জাতিসংঘের করা তদন্ত রিপোর্ট প্রকাশ করেন। এদিকে ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে পার্লামেন্টে বলেছেন, আমরা ভয়ংকর এই হত্যাকান্ডের জবাবদিহিতা দেখতে চাই। আশা করি সৌদি আরব এমন পদক্ষেপ নেবে যাতে মানবাধিকার ও আন্তর্জাতিক আইন লংঘনের ঘটনা না ঘটে।
