লিটনের অফফর্ম নিয়ে ভাবছেন না হাথুরু 

আপডেট : ২৬ আগস্ট ২০২৩, ১৬:৪৮

বাংলাদেশ দলের বড় সমস্যা তৈরি হয়েছে ওপেনিং নিয়ে। আসন্ন এশিয়া কাপে ইনজুরির কারণে দলে নেই তামিম ইকবাল। কোচ চন্ডিকা হাথুরুসিংহের বড় ভরসার নাম লিটন দাস। কিন্তু তিনিও আছেন কিছুটা অফফর্মে। কানাডা টি-টোয়েন্টি লিগ আর লঙ্কা প্রিমিয়ার লিগে নামের পাশে সুবিচার করতে পারেন নাই এই ওপেনার। তবে লিটনের এই অফফর্ম নিয়ে আপাতত ভাবছেন না বাংলাদেশ দলের প্রধান কোচ। 

শনিবার (২৬ আগস্ট) মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে এশিয়া কাপকে সামনে রেখে সংবাদ সম্মেলনে বাংলাদেশ দলের এশিয়া কাপ পরিকল্পনার পাশাপাশি দলের অন্যতম সেরা ব্যাটার লিটন দাসের অফফর্ম প্রসঙ্গে কথা বলেন হাথুরুসিংহে।

লিটন দাসের অফফর্ম সম্পর্কে হাথুরুসিংহে বলেন, 'আমার কাছে মনে হয় না, এই মুহূর্তে তার ফর্ম নিয়ে দুশ্চিন্তা আছে। সে সম্প্রতি কানাডা ও শ্রীলঙ্কায় খেলে এসেছে। ওখানে সে কী স্কোর করেছে, সেটা নিয়ে খুব একটা ভাবতে চাই না। কারণ, এমনিতেও ওই টুর্নামেন্টগুলোয় খুব বেশি রান হয়নি। আর সামনে যেহেতু এশিয়া কাপ ও বিশ্বকাপের মতো বড় আসর রয়েছে, সেগুলোতে সে ছন্দে ফিরে আসবে, এমনটাই আমাদের প্রত্যাশা।'

তিনি আরও বলেন, 'লিটন যে রানই করেছে, তা ইমপ্যাক্টফুল ছিল। হ্যাঁ, আমরা চাই সে ভিন্নভাবে খেলুক, এশিয়া কাপ এবং বিশ্বকাপে বড় ভূমিকা রাখুক। আশা করি সে নিজেকে মেলে ধরতে পারবে।'

২০২২ সালটা লিটন দাসের ব্যাট হাতে কেটেছে স্বপ্নের মতো। তিন ফরমেট মিলিয়ে গত বছর ১০৯২১ রান করেছিলেন এই ব্যাটার। হাথুরু লিটনের ফর্ম নিয়ে কথা বলতে গিয়ে টেনে এসেছেন তার অতীতকেও। হাথুরু বলেন, 'সে জানে সে আরও ভালো করতে পারে। আমরাও বিশ্বাস করি, সে এর চেয়ে ভালো করতে সক্ষম। সেটা সে দেখিয়েছে। অবশ্যই গত দুই বছর সে ফর্ম দেখিয়েছে, সে আমাদের সর্বোচ্চ রান সংগ্রাহক ছিল। তাই আমরা তার কাছ থেকে এমন পারফরম্যান্সই আশা করি।'

ইত্তেফাক/জেডএইচ