প্রধানমন্ত্রী চীন সফরে যাচ্ছেন দুই জুলাই

আপডেট : ২৭ জুন ২০১৯, ০১:১১

প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাঁচ দিনের সরকারি সফরে আগামী দুই জুলাই চীন যাচ্ছেন। প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লইট (বিজি১৭২০) ১ জুলাই বিকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবে। ফ্লাইটটি ২ জুলাই স্থানীয় সময় দুপুর ১২টা ২৫ মিনিটে লিয়াওনিং প্রদেশের দালিয়ানের দালিয়ান ঝৌশুজি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে।

চীন সফরকালে প্রধানমন্ত্রী বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলনে যোগ দিবেন এবং চীনের শীর্ষ নেতৃবৃন্দের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন। চীনের দালিয়ানে ১-৩ জুলাই এ সম্মেলন অনুষ্ঠিত হবে। সফরকালে শেখ হাসিনা চীনের প্রধানমন্ত্রী লী কেকিয়াং-এর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক এবং প্রেসিডেন্ট ঝি জিংপিংয়ের সঙ্গে সাক্ষাত্ করবেন। ২ জুলাই সকালে প্রধানমন্ত্রী দালিয়ান ইন্টারন্যাশনাল কনফারেন্স সেন্টারে অনুষ্ঠেয় ডব্লিউইএফ সামার দাভোস সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে যোগ দিবেন।

শেখ হাসিনা বিশ্ব অথনৈতিক ফোরামের প্রতিষ্ঠাতা নির্বাহী চেয়ারম্যান ক্লস শোয়াবের সঙ্গে সাক্ষাত্ করবেন। দালিয়ান ইন্টারন্যাশনাল কনফারেন্স সেন্টারে শোয়াবের দপ্তরে অনুষ্ঠেয় ‘কো-অপারেশন ইন দ্যা প্যাসিফিক রিম’ শীর্ষক প্যানেল আলোচনায় অংশ নেবেন। তিনি বেইজিংয়ের লিজেনডাল হোটেলে প্রবাসী বাংলাদেশিদের এক সংবর্ধনা ও নৈশভোজে যোগ দিবেন।