বাদীর কাছে হত্যা মামলার আসামিদের সন্ধান চায় পুলিশ!

আপডেট : ২৬ আগস্ট ২০২৩, ২১:৩৭

বরিশালের মুলাদীতে আব্দুর রব হাওলাদার নামে একজনকে কুপিয়ে হত্যার ঘটনায় ৫ দিনেও আসামিদের গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। নিহতের পরিবারের অভিযোগ, পুলিশ নিজেদের ব্যর্থতা আড়াল করতে এবং আসামিদের গ্রেপ্তারে গড়িমসি করে সময়ক্ষেপণ করছে। এছাড়া আসামিদের সন্ধান দিতে বাদীর কাছে সহযোগিতা চেয়েছেন পুলিশ।

এদিকে শুক্রবার (২৫ আগস্ট) খুনিদের ফাঁসির দাবিতে স্থানীয়রা উপজেলার চরকমিশনার ফেরিঘাট এলাকায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে।

নিহতের ছেলে ও মামলার বাদী আব্বাস হাওলাদার বলেন, গত ২২ আগস্ট দিন-দুপুরে চরকমিশনার এলাকার প্রধান সড়কে অটোরিকশা থেকে নামিয়ে আমার বাবা আব্দুর রব হাওলাদারকে কুপিয়ে হত্যা করা হয়। এলাকার চিহ্নিত সন্ত্রাসীরা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। কিন্তু পুলিশ হত্যাকাণ্ডের পর আসামিদের গ্রেপ্তারে অভিযান না চালিয়ে আমাদের বাড়ির সামনে এসে বসেছিল। হত্যার ঘটনায় গত ২৩ আগস্ট রাতে মুলাদী থানায় মামলা করা হয়েছে। এরপরেও পুলিশ আসামিদের গ্রেপ্তারে কার্যকর উদ্যোগ নিচ্ছেন না। শুক্রবার মোবাইল ফোনে মুলাদী থানার ওসির কাছে আসামিদের গ্রেপ্তারের বিষয় জানতে চাই। তখন তিনি আমার (বাদী) কাছে আসামিদের সন্ধান চেয়েছেন।

মুলাদী থানার ওসি মো. মাহাবুবুর রহমান বলেন, আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। বাদীর কাছে আসামিদের সন্ধান চাওয়া হয়নি। তবে বাদী ও আসামিরা একই এলাকায় হওয়ায় বাদীর লোকজনের কাছে কোনো তথ্য থাকলে পুলিশকে দেওয়ার জন্য বলা হয়েছে। 

ইত্তেফাক/এবি