নীলক্ষেতে সাত কলেজের শিক্ষার্থীদের সড়ক অবরোধে তীব্র যানজট

আপডেট : ২৭ আগস্ট ২০২৩, ১৬:১৪

একদফা দাবিতে আবারো নীলক্ষেত মোড় অবরোধ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত রাজধানীর সাত কলেজের শিক্ষার্থীরা। রবিবার (২৭ আগস্ট) দুপুর ১২টায় সোহরাওয়ার্দী  উদ্যান থেকে মিছিল নিয়ে এসে নীলক্ষেত মোড় অবরোধ করে আন্দোনলনকারীরা। 

অবরোধের কারণে আশেপাশের রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। ভোগান্তিতে পড়েছে রাস্তাগুলো দিয়ে চলাচলকারী সাধারণ মানুষ। এইসময় তীব্র রোধের কারণে ৬/৭ জন শিক্ষার্থীকে অসুস্থ হয়ে পড়েন বলে জানান আন্দোলনকারী শিক্ষার্থীরা। 

শিক্ষার্থীদের একদফা দাবি হলো– সিজিপিএ শর্ত শিথিল করে সর্বোচ্চ তিন কোর্স পর্যন্ত মানোন্নয়ন দিয়ে পরবর্তী বর্ষে চূড়ান্ত পরীক্ষায় বসার দাবিতে তাদের এই অবরোধ।

আন্দোলনে অংশগ্রহণ করা তিতুমীর কলেজের ১৮-১৯ সেশন ইংরেজি বিভাগের শিক্ষার্থী তসলীম চৌধুরী বলেন, আমাদের অনেক বন্ধুরা আমাদের সঙ্গে প্রায় একবছর ক্লাস করার পর এখন এসে জানতে পারছে যে তারা প্রমোশন পায়নি। তারা পয়েন্ট ১/২ এর জন্য আমাদের সাথে এখন পরীক্ষা দিতে পারছে না। যদি তিন মাসে রেজাল্ট দিতো তাহলে একটা কথা ছিল। যেহেতু আপনারা ৮/১০ মাস পর রেজাল্ট দিচ্ছেন সেহেতু এই দাবিটা যৌক্তিক। আমি সুপ্রিয়া ম্যাম ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রোভিসির সাথে এই বিষয়ে কথা বলেছি। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা সকল শিক্ষার্থী এখানে অবস্থান করবো। দাবি আদায় করেই আমরা এখান থেকে যাবো। আমাদের শিক্ষার্থীদের দাবি নিয়ে এই পর্যন্ত ২১ বার তারা আশ্বাস দিয়েছে। ১৯ বার তারা মিটিং বসিয়েছে। কিন্তু তারা আমাদের দাবি পূরণে ব্যর্থ। 

আন্দোলনে অংশ নেওয়া আরেক শিক্ষার্থী বলেন, আজকে সুপ্রিয়া ম্যাম আসে নাই। অন্য একজন শিক্ষক এসে আমাদের সঙ্গে কথা বলেছে। ওনারা শুধু ওনাদের কথাই বলে যান। আমাদের কোন কথা শুনতে চান না। এখন আবার ওনারা পরীক্ষার তারিখও ঘোষণা করে দিয়েছেন। 

ইত্তেফাক/এআই