মাগুরায় পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের হামলায় আহত ৪

আপডেট : ২৭ আগস্ট ২০২৩, ১৯:৫০

পূর্ব শত্রুতার জেরে মাগুরার শ্রীপুরে প্রতিপক্ষের হামলায় ৪ জন আহত হয়েছেন। শুক্রবার (২৫ আগস্ট) দুপুরে উপজেলার আমলসার ইউনিয়নের করন্দি গ্রামে এ ঘটনা ঘটে। 

এ ঘটনায় আহত নিউটন সরকার (৩০), নিখিল চন্দ্র সরকার (৬০), নির্মল সরকার (৫৫) শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও সুদান রায়কে (৩০) মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার (২৭ আগস্ট) বিকালে নিশিকান্ত সরকার বাদী হয়ে ৫ জনের বিরুদ্ধে শ্রীপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে।

নিশিকান্ত সরকার অভিযোগ করে বলেন, পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষ পবন রায় বেশ কিছুদিন ধরে হুমকি-ধামকি দিয়ে আসছিল। শুক্রবার দুপুর দেড়টার দিকে নিখিল চন্দ্র সরকার ও ভাতিজা নিউটন সরকার বাড়ির পাশেই নিখিল চন্দ্রের দোকানে বসে ছিলেন। হঠাৎ করে পবন রায়ের নেতৃত্বে সুধান রায়, আকাশ রায়, প্রান্ত রায় ও সৈকত রায়সহ ৫-৬ জন দেশীয় অস্ত্র-লাঠি নিয়ে তাদের ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় নিউটন সরকার, নিখিল সরকার ও নির্মল সরকার গুরুতর আহত হয়। হামলাকারীরা এ সময় ফিরে যাওয়ার সময় নিখিল সরকারের দোকান-ঘরে হামলা করে ভাঙচুর করে এবং অর্থসহ বাড়ির মালামালসহ নিয়ে যায়।
 
অভিযুক্ত পবন রায় বলেন, হামলার ঘটনা সম্পূর্ণ মিথ্যা। নিশিকান্ত ও নিখিলসহ কয়েকজন মিলে আমার ওপর হামলা করে মারধর করে। এ সময় আমাকে প্রতিরোধ করতে এসে প্রতিপক্ষের হামলায় সুধান রায় মারাত্বক আহত হয়।
  
শ্রীপুর থানার ওসি কাঞ্চন কুমার রায় বলেন, এ ঘটনায় একটি পক্ষের একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ইত্তেফাক/পিও