পুলিশ হওয়ার স্বপ্ন পূরণ হলো না পূর্ণ চন্দ্রের

আপডেট : ২৭ জুন ২০১৯, ১০:০৯

বাবা নান্দু চন্দ্রের স্বপ্ন ছিল ছেলে পূর্ণ চন্দ্রকে পুলিশের চাকরি করাবেন। সেই লক্ষ্যে ছেলেকে নিয়ে লালমনিরহাটে রওনা দেন বাবা। কিন্তু পথে ঘাতক ট্রাক তার স্বপ্ন কেড়ে নেয়। ওইদিন  সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলেসহ তিনজন নিহত হন।

বুধবার সকালে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের পলাশী নামক স্থানে ট্রাক অটো রিকশার সংঘর্ষের এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, বাবা নান্দু চন্দ্র (৫৫), ছেলে পূর্ণ চন্দ্র ও অটোরিকশার চালক রবিউল )৩৬)।

আরও পড়ুন: নয়নের মাদক ব্যবসা সম্পর্কে অবগত নন বরগুনার এমপি

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বুধবার সকালে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের পলাশী নামক স্থানে ট্রাক অটো রিকশার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে  নান্দু চন্দ্র ও অটোচালক রবিউল (৩৬) নিহত হন। আহত হন পূর্ণ চন্দ্রসহ আরও ৫ জন। তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে বুধবার রাতে চিকিৎসাধীন অবস্থায় পূর্ণ চন্দ্র মারা যান। নিহতরা সবাই লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার কাকিনা ইউনিয়নের ওয়াবদা বাজার এলাকার বাসিন্দা।  

আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, কনস্টেবল নিয়োগ পরীক্ষায় অংশ নিতে ব্যাটারি চালিত একটি অটোরিকশা ভাড়া করে লালমনিরহাট পুলিশ লাইনে যাচ্ছিলেন অভিভাবকসহ কালীগঞ্জের ওয়াপদা বাজার এলাকার আটজন। পথে পলাশী বাজারের কাছে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের চাপায় অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই অটোরিকশার চালক রবিউল ও যাত্রী নান্দু চন্দ্র মারা যান। আহত হন নান্দুর ছেলে পূর্ণসহ আরো অন্তত ৫ জন। তাদের মধ্যে চারজনকে রংপুর মেডিকেল কলেজে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে পূর্ণ চন্দ্র মারা যান।

ইত্তেফাক/এমআরএম