শাবিতে ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষ, ৩ নেতা আহত

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৩, ২১:৪২

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটনায় ছাত্রলীগের তিন নেতা আহত হয়েছেন। 

শুক্রবার (১ সেপ্টেম্বর) দিবাগত রাতে বিষয়টি সাংবাদিকদের জানান বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মো. কামরুজ্জামান চৌধুরী। তিনি বলেন, বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এ ঘটনা ঘটে। খবর পেয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে।

আহতরা হলেন লোকপ্রশাসন বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মারুফ আহমেদ, একই বিভাগের একই বর্ষের রাতুল এবং আসিফ। তারা সিলেট নগরীর মাউন্ট এডোরা হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ।

এ ছাড়াও সেখানে উপস্থিত সাধারণ শিক্ষার্থীরা জানান, রাত সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের দুজন ছাত্র সিএনজিতে বসাকে কেন্দ্র করে নগরীর আম্বরখানায় তর্কে জড়ায়। পরে ঐ ঘটনাকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এসে আবারও তর্কে জড়ান তারা। একপর্যায়ে ছাত্রলীগ নেতা খলিলুর রহমান ও সজীবুর রহমানের সমর্থকেরা ঘটনাস্থলে এসে পাল্টাপাল্টি ধাওয়া পরে সংঘর্ষ হয়। এ সময় ছাত্রলীগের তিন কর্মী আহত হন।

খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টররা এবং পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে। পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে ফিরে এসে শাহপরাণ হলে এসে আবারও তর্কে জড়ায় দুই পক্ষ। এরপর হল প্রভোস্ট অধ্যাপক ড. মো. মিজানুর রহমান খান, প্রক্টর, সহকারী প্রভোস্ট, সহকারী প্রক্টররা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন।

শাহপরাণ হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো. মিজানুর রহমান খান গণমাধ্যমকে বলেন, এটি হলের কোনো ঘটনা নয়। ঘটনার সূত্রপাত নগরীর আম্বরখানা এলাকায়। পরবর্তীতে তারা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এসে সংঘর্ষে জড়ায়। 

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মো. কামরুজ্জামান চৌধুরী গণমাধ্যমকে বলেন, এ ঘটনার সঙ্গে যারা যারা জড়িত তাদের বিষয়ে তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। এখন পরিস্থিতি শান্ত। পুরো বিষয়টি বিশ্ববিদ্যালয় প্রশাসন খতিয়ে দেখবে।

ইত্তেফাক/পিও