বহুল প্রতীক্ষিত ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের (উড়ালসড়ক) বিমানবন্দর-ফার্মগেট অংশের উদ্বোধন হচ্ছে আজ। এই সড়ক দিয়ে বিমানবন্দর থেকে বেরিয়ে ১০ মিনিটের মধ্যে যানবাহন পৌঁছে যাবে ফার্মগেটে। আগের মতো আর যানজটে বসে থাকতে হবে না। শনিবার (২ সেপ্টেম্বর) বিকেল ৪টায় এর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এক্সপ্রেসওয়ে উদ্বোধন উপলক্ষে ইতোমধ্যে বাণিজ্য মেলা মাঠের আশেপাশে নেতা-কর্মীদের ভিড় বাড়ছে। সকাল থেকেই বাণিজ্য মেলা মাঠের দিকে মিছিল নিয়ে নেতা-কর্মীদের আসতে দেখা গেছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভিড় বাড়ছে নেতা-কর্মীদের। যেন মিছিলের নগরীতে পরিণত হয়েছে আগারগাঁও এলাকা।
এ সময় 'শেখ হাসিনার সরকার বার বার দরকার', 'মেট্রোরেলের সরকার বার বার দরকার' ইত্যাদি স্লোগান দিতে দেখা গেছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এলিভেটেড এক্সপ্রেসওয়ের উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গাড়িতে উড়ালসড়কে উঠবেন। টোল পরিশোধ করে উড়ালসড়কের বিজয় সরণি প্রান্ত দিয়ে নেমে যাবেন আগারগাঁওয়ে পুরাতন বাণিজ্য মেলার মাঠে। সেখানেও উদ্বোধনী ফলক উন্মোচন করবেন। সেখানে তিনি বক্তব্য দেবেন। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে রোববার (৩ সেপ্টেম্বর) ভোর ৬টা থেকে যানবাহন এতে চলাচল করতে পারবে। তবে পথচারী, মোটরসাইকেল, রিকশা, অটোরিকশাসহ তিন চাকার যানবাহন উড়াল সড়কে উঠতে পারবে না।
উড়ালসড়ক ব্যবহার করতে দিতে হবে টোল। প্রাইভেটকার, মাইক্রোবাস, পিকআপ ও হালকা ট্রাককে ৮০ টাকা; বাস ও মিনিবাস ১৬০ টাকা, মাঝারি ট্রাক ৩২০ টাকা এবং ভারী ট্রাক বা ট্রেইলরে ৪০০ টাকা টোল দিতে হবে। এটি পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) ভিত্তিতে নির্মাণ করা হচ্ছে। এ কারণে টোলের টাকা থেকে নির্মাণ ব্যয় তোলা হবে।
