আমার গাঁয়ের বট বৃক্ষটিকে বামন বানিয়ে
তোমরা সেজেছো শিল্পী আর বৃক্ষের প্রেমিক!
ওকে দেখলেই
আমার সামনে সাপের ফণার মতো কিছু প্রশ্ন উঠে আসে—
কোথায় পড়বে লোকে আজ ঈদের নামাজ?
কোথায় বসবে তবে পাঁচ পীরের আসর?
মোহররমের মেলা? রাসউত্সব?
বিনোদ সাধুর রামপ্রসাদী কীর্তন?
ঝাঁ-ঝাঁ রোদের দুপুরে কোথায় বিশ্রাম নেবে ধানের কৃষক?
রাখালের বাঁশি? তৃষ্ণার্ত গরুর পাল?
আর
পৃথিবীর এই ছায়া সুনিবিড় প্রাচীন পান্থশালা ছাড়া
কোথায় ঘুমোবে তবে বালিহাঁস?
বক?
হরিয়াল?
আর, আমাদের অতিথি পাখিরা?
প্রবল বন্যার তোড়ে কোথায় আশ্রয় পাবে ঢোঁড়াসাপ?
বেজি আর শেয়ালের ছানা?
আমার গাঁয়ের বট বৃক্ষটিকে বামন বানিয়ে
তোমরা সেজেছো শিল্পী আর বৃক্ষের প্রেমিক!
ওকে দেখলেই
আমার সামনে সাপের ফণার মতো কিছু প্রশ্ন উঠে আসে—
আমার বিধবা বোন অলকাপতি পূজায় কোথায় তবে নত হবে?
আমার গাঁয়ের বন্ধ্যা রমণীরা কোল-জুড়ে কার কাছে চাইবে সন্তান?
বটবৃক্ষ মূল ছাড়া অরুণারা কোথায় মাগবে তবে যোগ্য বর?
কোকিল কোথায় বসে ডাক দেবে বসন্তের মৃদুমন্দ হাওয়াকে?
