বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু আগেই বলেছিলেন, লিটন সুস্থ হয়ে উঠলে আমরা তাকে পাঠাব (এশিয়া কাপে)। দল সুপার ফোরে জায়গা করে নিলে যোগ দেবে। সুস্থ হয়েছেন লিটন দাস, বাংলাদেশ দলও নিশ্চিত করেছে সুপার ফোর।
সোমবার (৪ সেপ্টেম্বর) রাতেই পাকিস্তানের উদ্দেশে দেশ ছাড়বেন লিটন। বিসিবির এক অফিসিয়াল বিষয়টি নিশ্চিত করেছেন, কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে রাত ৯.১৫ মিনিটে দেশ ছাড়বেন লিটন।
কিন্তু দলের সঙ্গে যুক্ত হলেই কী মাঠে নামতে পারবেন লিটন। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) নিয়ম অনুযায়ী ১৭ জনের স্কোয়াডে কেউ যদি ইনজুরিতে না পড়েন তাহলে নতুন কাউকে যুক্ত করা যায় না। সেই নিয়মের বেড়া জালে আটকে আছে লিটনের খেলা না খেলা।
বিসিবির টিম ম্যানেজমেন্টের এক সদস্য বলেছেন, ‘টেকনিক্যাল যে ব্যাপারগুলো আছে সে গুলো দেখা হবে। যদি কোনো সুযোগ থাকে চেষ্টা করা হবে। না হলে তো আর কিছু করা যাবে না। এই অবস্থাতেই আছে। এখনো ফাইনাল কোনো সিদ্ধান্ত হয়নি।’
