‘ভিশন মুক্তিযুদ্ধ-৭১’ শিরোনামে সিপিবির ইশহেতার ঘোষণা

আপডেট : ০২ ডিসেম্বর ২০১৮, ০০:৩৪

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ‘ভিশন মুক্তিযুদ্ধ-৭১’ শিরোনামে দলীয় ইশতেহার ঘোষণা করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি-সিপিবি। ক্ষমতায় গেলে মুক্তিযুদ্ধের চেতনায় সংবিধান, রাষ্ট্রীয় ব্যবস্থা ও রাজনৈতিক সংস্কারের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে এতে। সিপিবি’র নির্বাচনী অঙ্গীকারগুলো ৩০টি দফা ও ১৫১টি উপ-দফায় বর্ণনা করা হয়েছে। রাজধানীর পুরানা পল্টনের মুক্তিভবনে গতকাল শনিবার সিপিবি’র কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম এ ইশতেহার ঘোষণা করেন।

লিখিত বক্তব্যের শুরুতে সেলিম বলেন, একাত্তরের মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী শ্রমিক-কৃষক-মধ্যবিত্ত-নিম্নবিত্ত জনগণ যে বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন তা আজও বাস্তবায়ন হয়নি। সেই স্বপ্ন হল ‘ভিশন মুক্তিযুদ্ধ-৭১’। তিনি বলেন, আওয়ামী লীগ ও বিএনপি এই স্বপ্ন বাস্তবায়নে তাদের অক্ষমতার প্রমাণ দিয়েছে। এমনকি এই দুটি দলকে  কেন্দ্র করে গড়ে ওঠা দ্বি-দলীয় রাজনৈতিক কাঠামো দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারেনি। বরং যারাই ক্ষমতায় এসেছে, তারা ক্রমান্বয়ে আরও কর্তৃত্ববাদী ও স্বৈরাচারী হয়ে উঠেছে। জনগণের ভাগ্যের পরিবর্তন ঘটাতে হলে বিদ্যমান ব্যবস্থার পরিবর্তন এবং দ্বি-দলীয় রাজনীতির বৃত্ত ছিন্ন করে বাম গণতান্ত্রিক বিকল্প শক্তি গড়ে তোলা অপরিহার্য হয়ে উঠেছে বলে উল্লেখ করেন সিপিবি প্রধান।

মুজাহিদ সেলিম বলেন, লুটপাটের ব্যবস্থার বদল ঘটাতে হবে। বিকল্প রাজনৈতিক কর্মসূচি ও প্রতিশ্রুতির বাস্তবায়ন করতে সিপিবি বদ্ধপরিকর। নির্বাচনে ‘কাস্তে’ মার্কায় সিপিবি’র মনোনীত প্রার্থীদের এবং বাম গণতান্ত্রিক  জোটের অন্য প্রার্থীদের ‘মই’ ও ‘কোদাল’ মার্কায় ভোট দিয়ে বিজয়ী করতে তিনি ভোটারদের প্রতি আহ্বান জানান। সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে সিপিবি’র সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহ আলম, সহকারী সাধারণ সম্পাদক সাজ্জাদ জহির চন্দন, প্রেসিডিয়াম সদস্য লক্ষ্মী চক্রবর্তী, আব্দল্লাহ ক্বাফী রতন ও অনিরুদ্ধ দাস অঞ্জন, কেন্দ্রীয় নেতা রুহিন  হোসেন প্রিন্স প্রমুখ উপস্থিত ছিলেন।