আসন্ন ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে দল ঘোষণা করেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। বুধবার (৬ সেপ্টেম্বর) প্যাট কামিন্সকে অধিনায়ক করে ১৫ সদস্যের দল ঘোষণা করে অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড।
কামিন্সকে বোলিং আক্রমণে সঙ্গ দেবেন অভিজ্ঞ জশ হ্যাজেলউড ও মিচেল স্টার্ক। আছেন শন অ্যাবটও। স্পিনার হিসেবে দলে আছেন অ্যাস্টন আগার ও অ্যাডাম জাম্পা। বাদ পড়েছেন অলরাউন্ডার অ্যারন হার্ডি, পেসার নাথান এলিস এবং তরুণ স্পিনার তানভীর সাংহা।
ব্যাটিংয়ে রয়েছে অভিজ্ঞ ডেভিড ওয়ার্নার, স্টিভেন স্মিথ এবং ট্র্যাভিস হেড। তাদের সঙ্গে থাকবেন মিচেল মার্শ, মার্কাস স্টোনিয়াস এবং ক্যামেরন গ্রিন। তবে বাদ পড়েছেন মার্নাস লাবুশানে।
গ্লেন ম্যাক্সওয়েলকেও রাখা হয়েছে স্কোয়াডে। বিশ্বকাপ শুরু হওয়ার আগেই তার চোট থেকে সেরে ওঠার ব্যাপারে অস্ট্রেলিয়ার নির্বাচক জর্জ বেইলি বলেন, ‘গ্লেন ম্যাক্সওয়েল চোট কাটিয়ে ফিরে আসার পথে রয়েছে। ভারতের বিরুদ্ধে আসন্ন সিরিজে খেলার জন্য সে সম্ভাব্যভাবে প্রস্তুত।’
অস্ট্রেলিয়া বিশ্বকাপ স্কোয়াড: প্যাট কামিন্স (অধিনায়ক), স্টিভেন স্মিথ, অ্যালেক্স ক্যারি, জশ ইংলিস, শন অ্যাবট, অ্যাস্টন আগার, ক্যামেরন গ্রিন, জশ হ্যাজলউড, ট্র্যাভিস হেড, মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টোনিয়াস, ডেভিড ওয়ার্নার, অ্যাডাম জাম্পা ও মিচেল স্টার্ক।
