নোয়াখালীতে খাল পুনঃখনন শুরু

আপডেট : ২৭ জুন ২০১৯, ২১:২৬

নোয়াখালী প্রতিনিধি

জেলা শহর ও নোয়াখালী পৌরসভায় পানি নিষ্কাশনের পুরোনো প্রধান খাল অবৈধ দখল মুক্ত করে পুনঃখনন কাজ শুরু করেছে প্রশাসন। গতকাল বৃহস্পতিবার সকালে প্রথমে জেলা শহর মাইজদীর পৌর বাজারের সামনে দখলমুক্ত ছাগলমারা খালের পুনঃখনন কাজ শুরু করা হয়। এ কাজের উদ্বোধন করেন জেলা প্রশাসক তন্ময় দাস। এ সময় জেলা প্রশাসক বলেন, নোয়াখালী শহর ও পৌর এলাকার জলাবদ্ধতার প্রধান কারণ হচ্ছে অবৈধ খাল দখল। শহরের নাগরিকদের এ ভোগান্তি লাঘবে জেলা প্রশাসন, পৌরসভা ও বিএডিসির সমন্বিত প্রচেষ্টায় খাল দখলমুক্ত করে পুনঃখননের কাজ শুরু করা হয়েছে। পর্যায়ক্রমে খালগুলো অবৈধ দখলমুক্ত করে তা পুনঃখনন করা হবে।