সুনামগঞ্জ পৌরসভায় প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র চালু

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৩, ১৯:৫২

সুনামগঞ্জ পৌরসভার নাগরিকদের বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্যসেবা দিতে 'প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র' চালু হয়েছে।

পৌরসভার নিজস্ব অর্থায়নে ও অংশীদারদের সম্পৃক্ততায় সোমবার (৪ সেপ্টেম্বর) দুপুরে এই সেবা কেন্দ্র চালু করা হয় ও এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় পৌরসভার মেয়র নাদের বখতের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সুনামগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সভাপতি নূরুল হুদা মুকুট।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নোমান বখত পলিন, সুনামগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর রজত কান্তি সোম, সিভিল সার্জন ডা. আহম্মদ হোসেন, সাবেক সিভিল সার্জন ডা. সৈয়দ মোনাওয়ার আলী, স্বাস্থ্য বিভাগের সাবেক পরিচালক ডা. গৌতম রায়, সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর পরিমল কান্তি দে, প্রফেসর সৈয়দ মহিবুল ইসলাম, প্রবীণ শিক্ষক ধূর্জটি কুমার বসু ও যোগেশ্বর দাশ, ডাচ-বাংলা ব্যাংকের সুনামগঞ্জ শাখার ব্যবস্থাপক গোলাম আজাদ।

বক্তারা বলেন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বাস্তবায়নে শেখ হাসিনা সরকারের বিভিন্ন পদক্ষেপের মধ্যে 'পৌর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র' আরেকটি প্রশংসনীয় উদ্যোগ। চিকিৎসা মানুষের মৌলিক অধিকার। বিভিন্নরকম রোগ আছে, যেগুলো সচেতনতার মাধ্যমে প্রতিরোধ করা যায়। প্রাথমিক স্বাস্থ্যসেবা এতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

আলোচনার পর ফিতা কেটে 'সুনামগঞ্জ পৌর প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র' উদ্বোধন করা হয়।

সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত বলেন, 'এখানে একজন ডাক্তার ও একজন নার্স নিয়োগ দেওয়া হয়েছে। তাছাড়া সপ্তাহে তিনদিন জেলা সদর হাসপাতাল থেকে এসে একজন বিশেষজ্ঞ ডাক্তার সেবা দিবেন। একজন চক্ষু বিশেষজ্ঞ ডাক্তারও থাকবেন। ইউএসএইড এই কার্যক্রমে সহযোগিতা করছে।'

ইত্তেফাক/এসটিএম