পাকুন্দিয়ায় ঐতিহ্যবাহী ‘চি’ খেলা দেখতে মানুষের ঢল

আপডেট : ২৭ জুন ২০১৯, ২১:২৯

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) সংবাদদাতা

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় আবহমান গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী ‘চি’ খেলা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে উপজেলার বুরুদিয়া ‘বটতলা গ্রাম-বাংলা যুবসংঘের’ উদ্যোগে বটতলা বাজার সংলগ্ন মাঠে ঐতিহ্যবাহী এ ‘চি’ খেলা অনুষ্ঠিত হয়। বুরুদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মো.মাহ্বুবুর রহমানের সভাপতিত্বে খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন বুরুদিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. দেলোয়ার জাহান সুমন। এর আগে খেলার উদ্বোধন করেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রবি। খেলায়  ৪০ জন খেলোয়াড় অংশ নেয়। চি খেলা দেশের অন্যান্য এলাকায় প্রচলিত কাবাডি কিংবা হা-ডু-ডু খেলার মতোই। অনেকে আবার বলি খেলার সঙ্গেও তুলনা করে থাকেন। খেলায় সর্বোচ্চ ১১ পয়েন্ট পেয়ে প্রথম স্থান অর্জন করেন কটিয়াদী উপজেলার মানিকখালী গ্রামের মো. রুমন মিয়া। দ্বিতীয় স্থান অর্জন করেন একই এলাকার ও রুমনের ছোটো ভাই নূরু মিয়া। তৃতীয় স্থান অর্জন করেন মনোহরদী উপজেলার মো. রবিন মিয়া।