সুজানগরে ভাতিজার ছুরিকাঘাতে চাচা নিহত

আপডেট : ২৭ জুন ২০১৯, ২১:৩১

সুজানগর (পাবনা) সংবাদদাতা

সুজানগরের দুলাই ইউনিয়নের শান্তিপুর গ্রামে ভাতিজা রিপন হোসেনের ছুরিকাঘাতে চাচা কালাম হোসেন নিহত হয়েছে। এ সময় তার আরো দুই চাচা আহত হয়। নিহত কালাম হোসেন একই গ্রামের সবেদ আলী প্রামাণিকের ছেলে। বুধবার রাতে এই হতাহতের ঘটনা ঘটে।

সুজানগর থানার ইন্সপেক্টর (তদন্ত) অরবিন্দ সরকার জানান, বেশ কিছুদিন ধরে বাড়ির জমির সীমানা নিয়ে ঐ গ্রামের হানিফ প্রামাণিকের ছেলে রিপন গং ও তার চাচা কালাম গং-এর মধ্যে বিরোধ চলছিল। এরই জেরে বুধবার রাতে উভয়পক্ষ সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষে রিপনের ছুরিকাঘাতে তার চাচা কালাম হোসেন, তালেব হোসেন ও জামাল হোসেন আহত হয়। গুরুতর আহত অবস্থায় তাদের পাবনা সদর হাসপাতালে ভর্তি করা হলে চিকিত্সক কালামকে মৃত ঘোষণা করেন। বৃহস্পতিবার এ ব্যাপারে সুজানগর থানায় হত্যা মামলা হয়েছে। পুলিশ ময়না তদন্তের জন্য লাশ পাবনা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।