সৈয়দপুরে যৌন হয়রানির দায়ে বখাটের জেল

আপডেট : ২৭ জুন ২০১৯, ২১:৩৩

সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা

স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করায় সৈয়দপুরে এক বখাটের এক মাসের জেল দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্ত বখাটে মো. কায়সার সৈয়দপুর শহরের পুরাতন বাবুপাড়া এলাকার ব্যবসায়ী আকবর আলীর ছেলে এবং শহরের বঙ্গবন্ধু সড়কের একটি ওয়েল্ডিং কারখানার মিস্ত্রি। বৃহস্পতিবার মো. কায়সার নামের ওই তরুণ নীলফামারীর সৈয়দপুর পাইলট উচ্চ বিদ্যালয়সংলগ্ন বঙ্গবন্ধু সড়কে এক ছাত্রীকে যৌন হয়রানি করেন। তাকে শিক্ষকরা হাতেনাতে ধরে। পরে ঘটনাস্থলে সৈয়দপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পরিমল কুমার সরকার গিয়ে ঐ বখাটেকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান পাশা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।