সিটি করপোরেশনের কাজও আমরা করছি: স্বাস্থ্যমন্ত্রী

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২৩, ১৭:০০

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, আমাদের কাজ ডেঙ্গু রোগীদের চিকিৎসা দেওয়া। এর বাইরে সিটি করপোরেশনের কাজও আমরা করে যাচ্ছি। এর বেশি আর কিছু করার মতো আমাদের নেই। 

রোববার (১০ সেপ্টেম্বর) সাভারের আশুলিয়ার জিরানীতে বাংলাদেশ-কোরিয়া মৈত্রী হাসপাতালে কোরিয়া আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (কইকা) অন্ধত্ব প্রতিরোধে দক্ষিণ কোরিয়ার অর্থায়নে চলমান একটি প্রকল্পের মেয়াদ শেষে সরকারের কাছে হস্তান্তর অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। 

জাহিদ মালেক বলেন, আমাদের কাজ চিকিৎসা দেওয়া এবং আমরা তার বাইরেও সচেতনতামূলক কাজও করে যাচ্ছি। আমরা টেলিভিশন-পত্রিকায়ও দিই। যেই কাজটি সিটি করপোরেশনের, সেই কাজটিও আমরা করছি। মাইকিংও আমরা করছি। এর বেশি করার মতো আমাদের আর কিছু নেই।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, এ পর্যন্ত প্রায় দেড় লাখ লোক আক্রান্ত হয়েছে। গতকালও দুই হাজারের মতো রোগী পেয়েছি, ১৫ জন মৃত্যুবরণ করেছে। এখনো হাসপাতালে প্রায় ১০ হাজার রোগী আছে। আমরা কিন্তু চিকিৎসা দিয়ে চলেছি। আপনাদের বলতে হবে, যেন প্রত্যেক জায়গায় মশা নিধনের জন্য স্প্রে করে, পানি যাতে জমে না থাকে, ময়লা পরিষ্কার করতে হবে। শুধু ঢাকা শহরে নয়, সারা দেশে বছরব্যাপী করতে হবে। তবেই মশা মরবে, ডেঙ্গু রোগী এবং মৃত্যু কমবে। এর বাইরে আমাদের আর কিছু বলার নাই।

এ সময় বাংলাদেশে কোরিয়ার রাষ্ট্রদূত পার্ক ইয়াং সিক, কোরিয়ার সাবেক রাষ্ট্রদূত ও কইকার ভাইস প্রেসিডেন্ট লি ইয়ুন ইয়াং, স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নাসিমা খানমসহ কইকা ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ইত্তেফাক/এনএ