ভারতের রাজধানী দিল্লির কাছে কংগ্রেস দলের হারিয়ানা রাজ্য শাখার এক নেতাকে গুলি করে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার সকালে অজ্ঞাত ব্যক্তিরা হারিয়ানা কংগ্রেসের মুখপাত্র বিকাশ চৌধুরিকে ফরিদাবাদে হত্যা করেছে বলে এনডিটিভি জানিয়েছে।
ঘটনার সিসিটিভি ফুটেজে দেখা গেছে, বিকাশ চৌধুরি (৩৮) একটি জিম থেকে বের হয়ে চলে যাওয়ার সময় তার ওপর হামলা হয়। আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর সেখানে তার মৃত্যু হয়। পুলিশ জানিয়েছে, কংগ্রেসের এই নেতাকে লক্ষ্য করে ১০টিরও বেশি গুলি ছোড়া হয়েছে। একটি মারুতি সুজুকি গাড়িতে করে আসা চার হামলাকারী ঘটনাটি ঘটিয়েছে বলে জানিয়েছে তারা। এ ঘটনার জন্য হারিয়ানার বিজেপি দলীয় সরকারের ব্যর্থতাকে দায়ী করেছে রাজ্য কংগ্রেস।
সম্প্রতি ইন্ডিয়ান ন্যাশনাল লোক দল (আইএনএলডি) ছেড়ে কংগ্রেসে যোগ দিয়েছিলেন বিকাশ। নতুন দলে যোগ দেওয়ার পর তাকে হারিয়ানা কংগ্রেসের মুখপাত্রের পদ দেওয়া হয়েছিল।
