ভারতীয় লোকসভায় প্রথমবারের মত এমপি হয়েছেন তৃণমূল কংগ্রেস পার্টির মহুয়া মৈত্র। মঙ্গলবার পার্লামেন্টে প্রথম ভাষণে তিনি ফ্যাসিবাদ বা কর্তৃত্ববাদী জাতীয়তাবাদের প্রাথমিক লক্ষণসমূহ নিয়ে যে বক্তব্য দিয়েছেন, ভারতের সামাজিক মাধ্যমে সেটাকে ‘বছরের সেরা’ ভাষণ হিসেবে আখ্যা দিয়েছেন বহু মানুষ।
বিরোধী এমপি মহুয়া মৈত্র বলেন, যুক্তরাষ্ট্রের হলোকাস্ট মেমোরিয়াল মিউজিয়ামে একটি পোস্টারে তিনি ফ্যাসিবাদের প্রাথমিক লক্ষণসমূহের এক তালিকা দেখেছিলেন। তালিকার সে সব লক্ষণ তিনি একে একে পড়ে শুনিয়ে বলছিলেন, ভারতের সংবিধান এখন হুমকির মুখে, এবং দেশটির ক্ষমতাসীন দলের ‘বিভক্তির রাজনীতি’র কারণে ভারত এখন ‘ছিঁড়ে টুকরো’ হয়ে যাচ্ছে। মিস মৈত্র শুরুতেই ভারতীয় জনতা পার্টি বিজেপির বিজয়ের উল্লেখ করে বক্তব্য রাখতে শুরু করেন। —এনডিটিভি
