ঠাকুরগাঁওয়ে উত্ত্যক্তের প্রতিবাদ করায় ছুরিকাঘাতে আহত নার্সের মৃত্যু

আপডেট : ২৭ জুন ২০১৯, ২২:৪৬

ঠাকুরগাঁওয়ে যৌন হয়রানির প্রতিবাদ করায় প্রতিবেশী বখাটের ছুরিকাঘাতে আহত নার্স তানজিনা আক্তার (২০) অবশেষে চলে গেলেন না ফেরার দেশে। দীর্ঘ সাতদিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে গতকাল বৃহস্পতিবার সকালে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় মারা যান তিনি।

নিহত তানজিনা শহরের গ্রামীণ চক্ষু হাসপাতালের নার্স। তিনি সালন্দর ইউনিয়নের মাদ্রাসাপাড়ার হামিদ আলীর মেয়ে। এ ঘটনায় বখাটে আরমান হোসেন জীবনসহ কয়েকজনের বিরুদ্ধে মামলা করেন তানজিনার বাবা। বর্তমানে জীবন কারাগারে।

গত ২০ জুন সকালে বাড়ি থেকে বের হয়ে কর্মস্থল যাবার পথে পিছন থেকে ধারালো অস্ত্র দিয়ে পিঠে, বুকে, হাতে এলোপাতাড়ি কোপাতে থাকে বখাটে জীবন। এরপর স্থানীয়রা তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে। অবস্থার অবনতি হলে পরদিন ২১ জুন রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে উন্নত চিকিত্সার জন্য স্থানান্তর করা হয় তানজিনাকে।

নিহত তানজিনার বাবা হামিদ আলী অভিযোগ করেন, জীবন প্রতিদিন এলাকার মেয়েদের উত্ত্যক্ত করতো। ভুক্তভোগী স্কুলগামী ছাত্রীরা আমার মেয়েকে       অভিযোগ দিলে সে প্রতিবাদ করে। পরে জীবন আমার মেয়েকে ছুরিকাঘাত করে।

মামলার তদন্ত কর্মকর্তা এসআই মোতাউজ্জামান বলেন, প্রথমে মামলাটি হত্যাচেষ্টার ধারায় রুজু করা হয়েছিল। এখন তাতে হত্যার ধারা যুক্ত হবে। মামলার তদন্ত চলছে। ঠাকুরগাঁও সদর থানার ওসি আশিকুর রহমান বলেন, ঘটনার দিন তাত্ক্ষণিক অভিযান চালিয়ে অভিযুক্ত জীবনকে আটক করা হয়েছে।