সাভারের আশুলিয়ায় একটি শ্রমিক কলোনীতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে শিশু সন্তানসহ পোশাক শ্রমিক দম্পতি দগ্ধ হয়েছে। গুরুতর আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে। গতকাল শনিবার সকালে আশুলিয়ার বাইপাইল এলাকার মোস্তফা দেওয়ানের মালিকানাধীন শ্রমিক কলোনীতে এই ঘটনা ঘটে।
অগ্নিদগ্ধরা হলেন- পোশাক শ্রমিক আকরাম হোসেন, তার স্ত্রী লাভলী বেগম এবং ছেলে আশিকুর রহমান। তাদের গ্রামের বাড়ি ফরিদপুরের মধুখালী থানা এলাকায়।
খবর পেয়ে ডিইপিজেড ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে শ্রমিক কলোনীর সামনে থাকা একটি ইলেকট্রনিক্স ও ফার্নিচারের শোরুম এবং অপর একটি কক্ষে থাকা সমস্ত মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
আশুলিয়ার ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আব্দুল হামিদ জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে রাতে সিলিন্ডারের লিকেজ থেকে গ্যাস পুরো ঘরে ছড়িয়ে পড়ে। সকালে রান্না করতে গিয়ে আগুন জ্বালালে ছড়িয়ে থাকা গ্যাসে অগ্নিকাণ্ড ঘটে। এসময় ওই কক্ষে থাকা পোশাক শ্রমিক দম্পতি ও তাদের সন্তান অগ্নিদগ্ধ হয়। প্রতিবেশীরা তাদের উদ্ধার করে স্থানীয় হাপাতালে নিয়ে গেলে সেখানে অবস্থার অবনতি হলে তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়। আগুনে প্রায় পাঁচ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান তিনি।
