সিরাজগঞ্জের উল্লাপাড়ায় গভীর রাতে অবসরপ্রাপ্ত এক সেনা সদস্য ও তার বৃদ্ধা মাকে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার গভীর রাতে উপজেলার দূর্গানগর ইউনিয়নের মহেশপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন ঐ গ্রামের মৃত বাছির উদ্দিন মাস্টারের স্ত্রী রিজিয়া খাতুন (৯৫) ও তার ছেলে অবসরপ্রাপ্ত সেনা সদস্য আলতাফ হোসেন মুকুল (৬৫)। বৃহস্পতিবার সকাল ১১টার দিকে নিহতদের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
উল্লাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেওয়ান কওশিক আহম্মেদ জানান, খবর পেয়ে নিহতদের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে। নিহতদের গলা ছাড়াও হাত পা ও বুকের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় উল্লাপাড়া থানায় মামলা হয়েছে। এদিকে নিহত আলতাফ হোসেন মুকুলের মেয়ে উল্লাপাড়া এইচটি ইমাম বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা রোখসানা হোসেন হিজল দাবি করেন, তার বাবা গ্রামে একটি মসজিদ প্রতিষ্ঠা করেছেন। ঐ মসজিদ স্থাপনকে কেন্দ্র করে গ্রামের একটি পক্ষের সাথে দ্বন্দ্ব চলে আসছিল। এরই জের ধরে পরিকল্পিতভাবে এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে।
এলাকাবাসী সূত্র জানায়, নিহত অবসরপ্রাপ্ত সেনা সদস্য আলতাফ হোসেন মুকুলের জমি থেকে জোরপূর্বক বালি উত্তোলনকে কেন্দ্র করেও এ ঘটনা ঘটে থাকতে পারে। বালি উত্তোলন বন্ধে তিনি প্রশাসনের সাহায্য চেয়ে বিভিন্ন জায়গায় আবেদন নিবেদনও করেছিলেন।
