গাজীপুরে দুই নারীর ঝুলন্ত লাশ উদ্ধার

আপডেট : ২৮ জুন ২০১৯, ০০:১২

গাজীপুর থেকে বৃহস্পতিবার রাবেয়া বেগম ও মিনা বেগম নামে দুই নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। রাবেয়ার লাশটি গাজীপুর সদর উপজেলার ভবানীপুর এবং অন্যটি মহানগরীর গাছা থানার শরীফপুর থেকে উদ্ধার করা হয়। 

নিহত রাবেয়া (১৯) সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার চরভাটপাড়া গ্রামের নাসির মোল্লার মেয়ে। কয়েক মাস আগে একই গ্রামের আকবর আলীর ছেলে আদিলের সাথে তার বিয়ে হয়েছিল। অপর নিহত নারী দুই সন্তানের জননী মিনা বেগম (৩৫) নেত্রকোনার কলমাকান্দার বিষেরপাশা গ্রামের সাহাব উদ্দিনের স্ত্রী। তিনি নগরীর গাছ থানার শরীফপুরের সাহাবউদ্দিনের বাড়িতে ভাড়া থেকে স্থানীয় একটি কারখানায় চাকরি করতেন। জয়দেবপুর থানার ওসি মো. জাবেদুল ইসলাম জানান, বিয়ের পর আদিল স্ত্রী রাবেয়াকে নিয়ে গাজীপুরে এসে একটি কারখানায় চাকরি নেয় এবং সদর উপজেলার ভবানীপুর গ্রামের খোরশেদ আলমের বাসা ভাড়া নিয়ে বসবাস শুরু করে। সাংসারিক বিষয় নিয়ে কিছুদিন ধরে তাদের মধ্যে ঝগড়া চলে আসছিল। বৃহস্পতিবার সকালে স্বামী অফিসে চলে গেলে ঘরে রাবেয়ার লাশ ফ্যানের সাথে ঝুলতে দেখে প্রতিবেশীরা থানায় খবর দেয়। দুপুরে পুলিশ এসে লাশ উদ্ধার করে।

এদিকে গাছা থানার ওসি মো. ইসমাইল হোসেন জানান, স্বামীর সাথে বনিবনা না হওয়ায় মিনা বেগম বেশ কিছুদিন ধরে আলাদা থাকতেন। বৃহস্পতিবার দুপুরে ঘরে তার লাশ ঝুলতে দেখে স্থানীয়দের দেওয়া খবরে বিকালে লাশটি উদ্ধার করা হয়।