শেবাচিমের ডাক্তার পাঁচ দিন ধরে নিখোঁজ

আপডেট : ২৮ জুন ২০১৯, ০০:১৩

বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে পি.জি.টি কোর্সে অধ্যয়নরত ডা. সাইদ সোহাগ পাঁচদিন ধরে নিখোঁজ রয়েছেন। তিনি ঝিনাইদহ জেলার মহেষপুর উপজেলার সরুপপুর এলাকার মৃত মশিউর রহমানের ছেলে। কোতোয়ালি মডেল থানার ওসি নুরুল ইসলাম জানান, এই ঘটনায় বুধবার বরিশাল কোতোয়ালি মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন নিখোঁজ চিকিত্সকের বড় ভাই শামীম সরোয়ার। সাধারণ ডায়েরিতে তিনি উল্লেখ করেছেন, সাইদ সোহাগ শেবাচিম হাসপাতালের ইন্টার্নি হোস্টেলের নিচতলার একটি কক্ষে থাকতেন। গত ২৩ জুন ভোর রাত আনুমানিক সাড়ে চারটায় তন্ময় নামে এক লোক মোবাইলে তাকে জানায়, সাইদ সোহাগকে খুঁজে পাওয়া যাচ্ছে না। শামীম সরোয়ার তার ভাইয়ের মোবাইলে কল করলে প্রথমে কল রিসিভ হয়নি। পরে মোবাইলটি বন্ধ পাওয়া যায়। তবে হাসপাতালের পরিচালক ডা. বাকির হোসেন বলেন, এই বিষয়ে কেউ তাদের অবহিত করেননি, বিষয়টি খতিয়ে দেখা হবে।