রাশিয়ার সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক সবার আগে

আপডেট : ২৮ জুন ২০১৯, ০০:৪৭

যুক্তরাষ্ট্রকে স্পষ্ট করে ভারত জানিয়ে দিয়েছে যে, পররাষ্ট্রনীতির ক্ষেত্রে নয়াদিল্লি সব সময় জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দেবে। বিশেষ করে রাশিয়ার সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ককে অগ্রাধিকার দেবে ভারত। বুধবার নয়াদিল্লিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও’র সঙ্গে বৈঠককালে এ কথা জানান ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।

রাশিয়ার কাছ থেকে ক্ষেপণাস্ত্র ব্যবস্থা কেনা নিয়ে যুক্তরাষ্ট্রের আপত্তি রয়েছে। মাত্র কয়েক সপ্তাহ আগেই নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিয়ে ট্রাম্প প্রশাসন ভারতকে বিকল্প নিয়ে ভাবতে বলেছে। যুক্তরাষ্ট্র বলেছে, তারা ভারতকে একই ধরনের প্রতিরক্ষা প্রযুক্তি দিতে সক্ষম।

বৈঠক শেষে যৌথ সাংবাদিক সম্মেলন করেন দুই পররাষ্ট্রমন্ত্রী। রাশিয়ার কাছ থেকে আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ব্যবস্থা এস-৪০০ কেনার বিষয়ে এক প্রশ্নের জবাবে জয়শঙ্কর বলেন, ভারতের জাতীয় স্বার্থে যা প্রয়োজন সেটা করবো। আমাদের অনেক দেশের সঙ্গে সম্পর্ক আছে এবং সেসব সম্পর্কের কিছু ইতিহাসও আছে। জাতীয় স্বার্থের কথা মাথায় রেখেই প্রত্যেক দেশ তাদের কৌশলগত অংশীদারিত্ব তৈরি করে। এ সময় পম্পেও বলেন, খুব ভালো দুই বন্ধুর মধ্যেও মতপার্থক্য থাকে! ভারতের সামরিক নিরাপত্তা প্রসঙ্গে তিনি বলেন, ভারতের ভৌগোলিক অখণ্ডতা রক্ষার জন্য পর্যাপ্ত সামরিক শক্তি যাতে প্রস্তুত থাকে, তা নিশ্চিত করতে যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতিবদ্ধ।

ইরান থেকে তেল আমদানি নিয়ে যুক্তরাষ্ট্রের কঠোর অবস্থান তুলে ধরেন পম্পেও। ইরানকে সন্ত্রাসবাদের সবচেয়ে বড় পৃষ্ঠপোষক বলে মন্তব্য করেন তিনি। ভারতকে সন্ত্রাসবাদের সবচেয়ে বড় শিকার উল্লেখ করে তিনি বলেন, ভারতের সঙ্গে সব রকম সহযোগিতা করবে যুক্তরাষ্ট্র।

এ বিষয়ে জয়শঙ্কর বলেন, আফগান-পাকিস্তান পরিস্থিতি ও সন্ত্রাসবাদ বিরোধী অংশীদারিত্ব নিয়ে আলোচনা হয়েছে। আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদ দমনে যুক্তরাষ্ট্রের জিরো টলারেন্স ভূমিকা আশা করে ভারত।