যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যে সাত মাত্রার ভূমিকম্প হয়েছে। এতে রাস্তাঘাটের ব্যাপক ক্ষয়ক্ষতি হলেও হতাহতের খবর পাওয়া যায়নি। ইউএসজিএস জানিয়েছে, স্থানীয় সময় শুক্রবার ভূমিকম্প হয় আলাস্কার সবচেয়ে বড় শহর অ্যাঙ্কোরেজ থেকে ১১ কিলোমিটার দূরে মাটির ৪০ দশমিক ৯ কিলোমিটার গভীরে। প্রথম ভূমিকম্পের পর ৪০টি আফটার শক হয়। এর মধ্যে সবচেয়ে বড় আফটার শকের তীব্রতা ছিল ৫ দশমিক ৭। ৪০টি আফটার শকের মধ্যে ১০টি কম্পনের তীব্রতা রিখটার স্কেলে ছিল ৪ মাত্রার উপরে এবং তিনটি আফটার শকের মাত্রা ছিল ৫ এর উপরে। কর্মকর্তারা জানিযেছেন, শুক্রবার থেকে অন্তত ১৯০টি আফটার শকের মুখোমুখি হয়েছেন বাসিন্দারা। জাতীয় সড়কের একাংশ সম্পূর্ণ নিশ্চিন্ন হয়ে গেছে। বহু ঘর-বাড়ি ও সেতু ভেঙে গেছে। গাছপালা উপড়ে গেছে। বিদ্যুতের খুঁটি উপড়ে প্রায় ১০ হাজার বাড়ি বিদ্যুত্ বিচ্ছিন্ন হয়ে গেছে। কুক ইনলেট ও কেনাই উপদ্বীপে সুনামি সতর্কতা জারির পর প্রত্যাহার করা হয়েছে। বোস্টনেও কম্পন অনুভূত হয়েছে। - সিএনএন
