চার হাজার বছর টিকে আছে যে উঁই ঢিবি

আপডেট : ০২ ডিসেম্বর ২০১৮, ০৪:১২

প্রায় চার হাজার বছর আগে তৈরি হয়েছিল উঁই ঢিবি। তারপর থেকে ক্রমান্বয়ে একটু একটু করে বড় হচ্ছে উঁই ঢিবির আয়তন। এখন সেই উঁই ঢিবির আয়তন এত বেশি বিস্তৃতি লাভ করেছে যে তা মোটামুটি গ্রেট ব্রিটেনের আয়তনের সমান। পুরো এলাকায় রয়েছে ২০ কোটির বেশি উঁই ঢিবি। গুগল আর্থ এ গেলেও দৃশ্যমান হয় ব্রাজিলের এই উঁই ঢিবি। এত বড় এলাকাজুড়ে আর এত দীর্ঘ সময় ধরে উঁই ঢিবির টিকে থাকা নিয়ে রীতিমতো বিস্ময় প্রকাশ করেছেন বিজ্ঞানীরা। কারেন্ট বায়োলজিতে প্রকাশিত গবেষণা প্রতিবেদনে এই উঁই ঢিবির অজানা অনেক তথ্য প্রকাশ করা হয়েছে।

জায়গায় জায়গায় মোচাকৃতি ধারণ করা এই উঁই ঢিবি এমনভাবে গড়ে উঠেছে যা বাইরে থেকে বোঝার উপায় নেই যে নিচে কি রহস্য লুকিয়ে রয়েছে। যদিও কোথাও কোথাও এই ঢিবির উচ্চতা ১০ ফুট ছাড়িয়ে গেছে। জঙ্গলের নিচের মাটিতে তৈরি হয়েছে এই উঁই ঢিবি। যদিও উপর দিয়ে দেখলে কেউ কিছু বুঝতে পারবে না। গবেষক ও যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব সালফোর্ডের পতঙ্গবিজ্ঞানী স্টিফেন মার্টিন বলেন, কয়েক হাজার বছর ধরে একটি মাত্র প্রাণী উঁই এই মহাযজ্ঞ গড়ে তুলেছে। ঢিবির নিচ দিয়ে এমন কিছু সুড়ঙ্গ তৈরি করেছে উঁই পোকা যা দিয়ে ঢিবির নিচে গাছের মৃত পাতা ভেতরে প্রবেশ করতে পারে। জঙ্গলের গাছ থেকে ঝরা এসব পাতা সুড়ঙ্গের মধ্যে ঢুকলে সেগুলো খায় উঁই পোকা।

বিজ্ঞানীদের ধারণা, উঁই পোকারা সেখানকার ঢিবিতে যে পরিমাণ মাটি জড়ো করেছে তা দিয়ে অন্তত চার হাজার গ্রেট পিরামিডের মতো কাঠামো তৈরি করা সম্ভব। এমন খুদে পতঙ্গের তৈরি এই উঁই ঢিবি-ই এখন পৃথিবীর অন্যতম বৃহত্তম কাঠামোতে পরিণত হয়েছে। সেখানকার ১১টি ভিন্ন উঁই ঢিবি থেকে নমুনা মাটি সংগ্রহ করে গবেষণা করেছেন বিজ্ঞানীরা। এই গবেষণায় প্রমাণ মিলেছে, উঁইয়ের ঢিবিগুলো ৩৮২০ বছর থেকে ৬৯০ বছর পূর্বে তৈরি হয়েছে। এখনো নিয়মিত তৈরি হচ্ছে উঁই ঢিবি। এখন পর্যন্ত আফ্রিকায় পাওয়া সব থেকে প্রাচীন উঁই ঢিবির বয়সের কাছাকাছি এই উঁই ঢিবির বয়স।

সাম্প্রতিক বছরগুলোতে স্থানীয়রা সেখানকার জঙ্গল পরিষ্কার করে চাষাবাদ করতে গেলে উঁই ঢিবির সন্ধান পায়। লোকজন জঙ্গল পরিষ্কার করতে না গেলে হয়ত আরও কয়েক হাজার বছর পর্যন্ত অজানা রহস্য হিসেবেই থেকে যেত ব্রাজিলের এই ‘মহা উঁই ঢিবি’। উঁই পোকারা ধীরে ধীরে মাটির নিচে সুড়ঙ্গ করার পাশাপাশি গর্তের এই মাটি যেসব জায়গায় জমিয়ে রেখেছে সেই জায়গাটা উঁচু হয়ে মোচাকৃতি ধারণ করেছে।-সিএনএন

ইত্তেফাক/আরকেজি