হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভায় এমপি নিক্সন চৌধুরী
মো. রমজান সিকদার, ভাঙ্গা (ফরিদপুর) সংবাদদাতা
ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী নিক্সন বলেছেন, হাসপাতালের অভ্যন্তরে অসহায় রোগীদের নিয়ে ব্যবসা করতে কেউ পারবে না। একই সঙ্গে হাসপাতালে দালালদের দৌরাত্ম্য কোনোভাবেই সহ্য করা হবে না। প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা নিরলস পরিশ্রম করে স্বাস্থ্যসেবাকে অগ্রাধিকার দিয়ে হাসপাতালের মান উন্নয়নে কাজ করে যাচ্ছেন। মহান পেশা ডাক্তারিকে পুঁজি করে কেউ অনৈতিক ফায়দা লুটলে আমরা জনগণকে সঙ্গে নিয়ে তাকে প্রতিহত করব।
দক্ষিণাঞ্চলের প্রবেশদ্বার ভাঙ্গা একটি গুরুত্বপূর্ণ স্থান। এখানে নানা সময়ে সড়ক দুর্ঘটনাসহ আশপাশের উপজেলাগুলো থেকে অসুস্থ রোগীরা সেবা নিতে আসেন। হাসপাতালের বিভিন্ন সমস্যা থাকা সত্ত্বেও চেষ্টা করতে হবে আগত রোগীদের ভালো মানের সেবা প্রদান করতে। ব্যাঙের ছাতার ন্যায় গজিয়ে ওঠা বেসরকারি ক্লিনিকগুলো ও বিভিন্ন ওষুধ কোম্পানির মার্কেটিং সেলসম্যান যাতে অযথা হাসপাতালের অভ্যন্তরে প্রবেশ করে রোগী ও ডাক্তারদের বিরক্ত না করে সেদিকে প্রশাসনকে তীক্ষ নজরদারি করতে হবে।
গতকাল শুক্রবার দুপুরে ভাঙ্গা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য এসব কথা বলেন। এ সময় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরীর কন্যা নাজুরা চৌধুরী।
নাজুরী চৌধুরী ও উপস্থিত প্রশাসনের কর্মকর্তা ও অতিথিদের উদ্দেশ্য করে সংসদ সদস্য নিক্সন চৌধুরী বলেন, ডাক্তারি পেশা একটি মহান পেশা আপনাদের সকলের কাছে আমার কন্যার জন্য দোয়া চাই এবং সে যাতে গরীব দুঃখীদের জন্য একজন ভালো ডাক্তার হতে পারে। আমি আমার গ্রামের বাড়ির পাশে অসহায় রোগিদের সেবার জন্য একটি আধুনিক হাসপাতাল নির্মাণের স্বপ্ন রয়েছে। আপনারা সকলে দোয়া করবেন যাতে আমি আমার স্বপ্নকে বাস্তবে রূপ দিতে পারি।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডাক্তার খালেদুর রহমান মিয়ার সভাপতিত্বে সভায় আরো উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম হাবিবুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মুকতাদুিরুল আহম্মেদ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী সাঈদুর রহমান, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান শাহিনুর রহমান প্রমুখ।
