চাটমোহর (পাবনা) সংবাদদাতা
পাবনার চাটমোহরে আরিফা খাতুন (১৩) নামে এক স্কুলছাত্রী বাল্যবিয়ের হাত থেকে রক্ষা পেল। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলা হরিপুর ইউনিয়নের ধূলাউড়ি কুঠিপাড়া গ্রামে অভিযান চালিয়ে বাল্যবিয়ে বন্ধ করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইকতেখারুল ইসলাম।
পুলিশ ও স্থানীয়রা জানায়, স্কুলছাত্রী আরিফা খাতুনের সাথে পার্শ্ববর্তী বড়াইগ্রাম উপজেলার জোনাইল ইউনিয়নের চামটা গ্রামের এমদাদুল হকের ছেলে সজিব হোসেনের বৃহস্পতিবার বিয়ের দিন ধার্য ছিল। বাল্যবিয়ে হচ্ছে এমন গোপন খবর পেয়ে সন্ধ্যায় পুলিশ নিয়ে ওই বাড়িতে হাজির হন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইকতেখারুল ইসলাম। এ সময় পালিয়ে যায় বর সজিব হোসেন। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে বাল্যবিয়ে দেওয়ার অপরাধে বরের বাবা এমদাদুল হককে ১০ হাজার টাকা জরিমানা এবং বয়স না হওয়া পর্যন্ত মেয়েকে বিয়ে দেবেন না মর্মে কনের মা-বাবার কাছ থেকে মুচলেকা নেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
