ঈশ্বরগঞ্জে গৃহবধূকে হাত-পা বেঁধে নির্যাতন

আপডেট : ২৮ জুন ২০১৯, ২১:৫৮

থানায় মামলা

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) সংবাদদাতা

ঈশ্বরগঞ্জে যৌতুকের দাবিতে এক গৃহবধূকে হাত-পা বেঁধে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে গৃহবধূর স্বামী চাঁন মিয়া ও শাশুড়ি আছিয়া বেগমকে আসামি করে শুক্রবার মামলা হয়েছে। নির্যাতিত গৃহবধূ তাসলিমা খাতুনের (২৭) বাবা বাদী হয়ে ঈশ্বরগঞ্জ থানায় মামলাটি দায়ের করেন।

এজাহার সূত্রে জানা যায়, উপজেলার দরগাপাড়া গ্রামের সুরুজ আলী ফকির তার মেয়ে তাসলিমা খাতুনকে ছয় বছর আগে বিয়ে দেন। বিয়ের পর হতে মেয়ের স্বামী চাঁন মিয়া ও শাশুড়ি আছিয়া বেগম যৌতুকের জন্য চাপ দিতে থাকে। গত ২৬ জুন রাতে স্বামী শাশুড়ি যৌতুকের টাকা এনে দেওয়ার জন্যে চাপ দিলে তাসলিমা অস্বীকার করে। এ সময় রশি দিয়ে হাত-পা বেঁধে বেধড়ক মারপিট করে গলায় ওড়না পেঁচিয়ে সিলিং ফ্যানে ঝুলানোর চেষ্টা করে। এ সময় তাসলিমার চিত্কারে প্রতিবেশিরা ঘরের দরজা ভেঙে তাকে উদ্ধার করে। পরে সুরুজ আলী ফকির তার মেয়েকে পাশের বাড়ি থেকে ঈশ্বরগঞ্জ হাসপাতালে ভর্তি করেন।

ঈশ্বরগঞ্জ থানার এসআই সজীব ঘোষ জানান, তাসলিমার সারা শরীর ও ঘাড়ে প্রচণ্ড আঘাতের চিহ্ন রয়েছে। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।