নির্বাচনে হস্তক্ষেপ করবেন না

আপডেট : ২৮ জুন ২০১৯, ২২:১১

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, আপনারা নির্বাচনে হস্তক্ষেপ করবেন না। গতকাল জাপানের ওসাকায় জি-২০ সম্মেলনের ফাঁকে দুই নেতার মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকেই কৌতুক করে প্রেসিডেন্ট ট্রাম্প এ কথা বলেন। বৈঠকে মৌখিকভাবে প্রেসিডেন্ট ট্রাম্পকে রাশিয়া সফরের আমন্ত্রণ জানিয়েছেন প্রেসিডেন্ট পুতিন। এদিকে পুতিন যুক্তরাষ্ট্রের উদারনীতিকে ব্যর্থ বলে উল্লেখ করেছেন। খবর বিবিসি ও সিএনএনের

যুক্তরাষ্ট্রে ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপের অভিযোগ ওঠে। এ নিয়ে করা তদন্তের ফলাফল যুক্তরাষ্ট্রে প্রকাশের পর এই প্রথম প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে প্রেসিডেন্ট ট্রাম্পের বৈঠক অনুষ্ঠিত হলো। বৈঠকের ভিডিওতে দেখা যায়, প্রেসিডেন্ট ট্রাম্প আঙ্গুুল উঁচিয়ে তার সামনের আসনে বসা প্রেসিডেন্ট পুতিনকে উদ্দেশ্য করে বলছেন, দয়া করে আপনি নির্বাচনে হস্তক্ষেপ করবেন না। প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, তার সঙ্গে আমার        খুবই ভাল সম্পর্ক রয়েছে। পুতিনের সঙ্গে বৈঠক করা সম্মানের ব্যাপার। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বৈঠককে গঠনমূলক বলে আখ্যা দিয়েছেন। তিনি জানান, প্রেসিডেন্ট ট্রাম্পকে আগামী বছরের ৯ মে রাশিয়া সফরের আমন্ত্রণ জানানো হয়েছে। শিগগিরই আনুষ্ঠানিক আমন্ত্রণপত্র প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে পৌঁছে দেওয়া হবে। আগামী ৯ মে দ্বিতীয় বিশ্ব যুদ্ধ সমাপ্তির ৭৫ বছর পূর্ণ হবে। এই দিনটিকে রাশিয়া বিজয় দিবস হিসেবে পালন করে। হোয়াইট হাউস জানিয়েছে, প্রেসিডেন্ট ট্রাম্প এখনো রাশিয়ার সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণপত্র হাতে পাননি।