রাবি শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ

এবার নিরাপত্তা চেয়ে জিডি করলেন দুই ভুক্তভোগী শিক্ষার্থী

আপডেট : ২৮ জুন ২০১৯, ২২:১৪

শিক্ষকের উত্ত্যক্তের শিকার হয়ে লিখিত অভিযোগের পর এবার ভয়ভীতি দেখানোর অভিযোগে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রী। শুক্রবার দুপুরে নগরীর মতিহার থানায় শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ওই দুই শিক্ষার্থী নিরাপত্তা নিয়ে শঙ্কা জানিয়ে সাধারণ ডায়েরিটি করেন বলে থানার অফিসার ইনচার্জ শাহাদত্ হোসেন নিশ্চিত করেন। ভুক্তভোগী শিক্ষার্থীদের দাবি, শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ করার পর থেকে তারা আতঙ্কে আছেন। অভিযোগ প্রত্যাহারের জন্য চাপ দেওয়া হচ্ছে। ওই শিক্ষকের পক্ষের অনেক শিক্ষার্থী বিভিন্নভাবে ভয়ভীতি দেখাচ্ছে। ছাত্রত্ব বাতিলের ভয় দেখানো হচ্ছে। তাই শারীরিক ও মানসিক ক্ষতির ভয়ে তারা হল থেকে বের হতে পারছেন না বলে ডায়েরিতে উল্লেখ করা হয়।

এর আগে গত মঙ্গলবার আইইআরের সহকারী অধ্যাপক বিষ্ণু কুমার অধিকারীর বিরুদ্ধে যৌন হয়রানি ও মানসিকভাবে উত্ত্যক্তের অভিযোগ করেন ৪র্থ বর্ষের এক শিক্ষার্থী। পরে ওই দিনই ২য় বর্ষের এক শিক্ষার্থী আইইআরের পরিচালকের সামনে ওই শিক্ষকের বিরুদ্ধে উত্ত্যক্তের মৌখিক অভিযোগ করেন। বৃহস্পতিবার বিকেলে ডাকযোগে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও আইইআর পরিচালক বরাবর লিখিত অভিযোগ করেন তারা। অভিযোগের ভিত্তিতে এক জরুরি সভায় বিষ্ণু কুমার অধিকারীকে ২য় ও ৪র্থ বর্ষের একাডেমিক কার্যক্রম থেকে সাময়িক অব্যাহতি দিয়ে তিন সদস্যের তদন্ত কমিটি করা হয়।