সিদ্ধিরগঞ্জ এলাকায় নকশা বহির্ভূত ভবনের রাজউকের উচ্ছেদ অভিযান

আপডেট : ০৬ অক্টোবর ২০২৩, ১৩:২৬

রাজধানীর উন্নয়ন কর্তৃপক্ষ সিদ্ধিরগঞ্জ এলাকায় নকশা বহির্ভূতসহ কয়েকটি ভবনে রাজউক উচ্ছেদ অভিযান পরিচালনা করে। অভিযানটি পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট শারমিন আরা।

বৃহস্পতিবার (৫ অক্টোবর) সকাল সাড়ে ১০ টা থেকে উচ্ছেদ অভিযান শুরু হয়ে শেষ হয় বিকালে। অভিযানের সময় কয়েকটি বিল্ডিং এর অবৈধ অংশ ভেঙ্গে ফেলা হয়।

সিদ্ধিরগঞ্জের অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট শারমিন আরা বলেন, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ জোন ৬/৩ এর আওতাধীন সিদ্ধিরগঞ্জ খোর্দ্দঘোষপাড়া এলাকায় নকশা বহির্ভূত কয়েকটি ভবনের বিরুদ্ধে আমরা উচ্ছেদ অভিযানসহ দুইটি ভবনে দুই লাখ টাকা করে মোট চার লাখ টাকা জরিমান করি। একইসঙ্গে অন্যরা যেন পরবর্তীতে অনুমোদন করা নকশা ছাড়া ভবন নির্মাণ না করে সেই বার্তা দিয়ে সতর্ক করা হয়েছে। এছাড়াও একটি ভবনের মালিক গ্যারেজের জায়গায় অবৈধ স্থাপনা আংশিক ভেঙ্গে অপসারণ করা হয়েছে। কয়েকজন ভবন মালিক নিজ উদ্যোগে ভেঙ্গে অপসারণ করবেন মর্মে তিনশত টাকার ননজুডিশিয়াল স্ট্যাম্পে অঙ্গীকারনামা দেন।

মোবাইল কোর্টের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন অথরাইজড অফিসার প্রকৌশলী মোঃ রাজিবুল ইসলাম, সহকারী অথরাইজড অফিসার সুরোত আলী রাসেল, প্রধান ইমারত পরিদর্শক সৈয়দ মাসুম বিল্লাহ,ইমারত পরিদর্শক আবু বকর সিদ্দিক, শাহ মোঃ আরাফাত, মোঃ ইয়াছিন মিয়া, আসিফুর রহমান, শামীম রেজাসহ রাজউকের অন্য কর্মকর্তারা।

ইত্তেফাক/এসসি