মাদারীপুরের শিবচর ডায়াবেটিক সমিতির উদ্যোগে ৫শ রোগী বিনামূল্যে ডায়াবেটিস ও চক্ষু রোগের চিকিৎসা পেয়েছেন। জাতীয় সংসদের চিফ হুইপ ও মাদারীপুর-১ (শিবচর) আসনের ৬ বারের সংসদ সদস্য নূর-ই-আলম চৌধুরী প্রধান অতিথি হিসেবে এই ক্যাম্পেইনে শুভ উদ্বোধন করেন।
শনিবার (৭ অক্টোবর) সকাল থেকে দুপুর পর্যন্ত চলা এই ক্যাম্পেইনের সার্বিক তত্ত্বাবধান করেন শিবচর ডায়াবেটিক সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি রাজিয়া চৌধুরী। এ পর্যন্ত শিবচর ডায়াবেটিক সমিতির উদ্যোগে উপজেলার ১৪টি ইউনিয়নে ৮টি ক্যাম্পেইনের মাধ্যমে প্রায় ৩৫০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হলো।
জানা যায়, শনিবার উপজেলার পাঁচ্চর বালিকা উচ্চ বিদ্যালয়ে বিনামূল্যে ডায়াবেটিস, ব্লাড গ্রুপ নির্ণয়, ব্লাড প্রেসার ও চক্ষু পরীক্ষার আয়োজন করে শিবচর ডায়াবেটিক সমিতি। এদিন সকাল ৭টা থেকে দুপুর পর্যন্ত পাঁচ্চর ও মাদবরচর ইউনিয়নের ৫শ রোগীকে বিনামূল্যে ডায়াবেটিস, ব্লাড গ্রুপ নির্ণয়, ব্লাড প্রেসার পরীক্ষা করে ব্যবস্থাপত্র প্রদান করা হয়। স্থানীয় পল্লি চিকিৎসকদের সঙ্গে মতবিনিময় শেষে স্থানীয় রোগীদের ডায়াবেটিস পরীক্ষার জন্য পল্লি চিকিৎসকদেরকে বিনামূল্যে গ্লোকুমিটার বিতরণ করা হয়।
শিবচর ডায়াবেটিক সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি রাজিয়া চৌধুরী বলেন, চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরীর সহযোগিতায় আমরা সারা শিবচর উপজেলায় ডায়াবেটিস রোগী সনাক্তের কাজ করছি। এছাড়া চোখের সমস্যা নিয়ে যারা আসছেন তাদেরও সেবা প্রদান করা হচ্ছে। একইসঙ্গে আমরা গ্রাম্য চিকিৎসকদের ফ্রি গ্লুকোমিটার বিতরণ করছি। যাতে তারা সাধারণ মানুষের বিনামূল্যে ডায়াবেটিস সনাক্ত করতে পারে।
এ সময় জেলা পরিষদের চেয়ারম্যান মুনীর চৌধুরী, শিবচর উপজেলা চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লা, শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাজিবুল ইসলাম, ঢাকা কুর্মিটোলা জেনারেল হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ মো. মাহমুদ হোসেন, ডা. সৌরভ আহমেদ আসাদ, ফাহিমা আক্তার, আব্দুল আলীম, আয়শা সিদ্দিকা মুন্নী, মেহেবুবা রহমান তিশা, সোনিয়া ফেরদৌসসহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।

