নরসিংদীতে আলোচিত ২৭ মামলার ও ১৬টি গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত পলাতক শীর্ষ ডাকাত আপেল মাহমুদকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত ডাকাত মাহমুদ নরসিংদী সদর উপজেলার ঘোড়াদিয়া পুরানপাড়া গ্রামের নওয়াব আলীর ছেলে।
শনিবার (৭ অক্টোবর) দুপুরে নরসিংদী সদর থানায় এক প্রেস বিজ্ঞপ্তিতে তথ্য জানিয়েছেন নরসিংদী অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) কেএম শহিদুল ইসলাম সোহাগ।
তিনি জানান, শুক্রবার রাতে তথ্যপ্রযুক্তি সহায়তায় গাজীপুর জেলার শ্রীপুর থানার বাঘেরবাজার এলাকা থেকে এই শীর্ষ সন্ত্রাসীকে গ্রেপ্তার করে নরসিংদী থানা পুলিশ। তার বিরুদ্ধে জেলার বিভিন্ন থানায় ৭টি ডাকাতি, ১১টি ডাকাতি প্রস্তুতি, ৬টি অস্ত্র, ১টি বিস্ফোরক ও ২টি মাদক মামলাসহ ২৭টি মামলা পরোয়ানা রয়েছে। এর মধ্যে নরসিংদী মডেল থানায় রয়েছে ১৬টি মামলার গ্রেপ্তারি পরোয়ানা। শীর্ষ এই ডাকাত দীর্ঘদিন যাবত পলাতক অবস্থায় ছিলো। আইনি প্রক্রিয়া শেষ আদালতে পাঠানো হবে।
এ সময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, নরসিংদী সদর মডেল থানার ওসি আবুল কাশেম ভূইয়াসহ অন্যরা।
