বিশ্রাম পাচ্ছেন না স্টার্ক-কামিন্স

আপডেট : ২৮ জুন ২০১৯, ২২:৩১

অস্ট্রেলিয়ার কাছে গ্রুপপর্বের বাকি দুই ম্যাচের তেমন কোনো অর্থ নেই। ইতিমধ্যে সেমিফাইনালে উঠে যাওয়া দলটি তাই একাদশের গুরুত্বপূর্ণ কিছু খেলোয়াড়কে শেষ দুই ম্যাচে বিশ্রাম দিতে পারে, এমন একটা আলোচনা আছে। বিশেষ করে দুই ফাস্ট বোলার মিশেল স্টার্ক ও প্যাট কামিন্স বিশ্রাম পাওয়ার গুঞ্জন ছিল। কিন্তু গতকাল এই গুঞ্জন উড়িয়ে দিয়েছেন দলটির কোচ জাস্টিন ল্যাঙ্গার। তিনি বলেছেন, এরা কেউ বিশ্রাম পেলে তিনিই অবাক হবেন।

লর্ডসে ইংল্যান্ডকে ৬৪ রানে হারানোর ভেতর দিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া। পরের ম্যাচে ওই লর্ডসেই প্রতিবেশী-প্রতিদ্বন্দ্বী নিউজিল্যান্ডের বিপক্ষে খেলবে তারা।

অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যমে গুঞ্জন ছিল যে, সামনে বিশ্বকাপের নকআউট পর্ব ও অ্যাশেজ। তাই স্টার্ক ও কামিন্স একটা বিশ্রাম পেতে পারেন। কিন্তু ল্যাঙ্গার এমন গুঞ্জনের জবাবে বলেছেন, ‘এই দুজন বিশ্রাম পেলে আমি নিজেই খুব বিস্মিত হব। আমাদের বরং চ্যালেঞ্জটা হলো, মাঝের বিরতিগুলো কীভাবে কাজে লাগাব। এখানে আমরা কয়েক দিন বিশ্রাম পেলাম। এরপর ম্যানচেস্টারে গিয়ে কয়েক দিন বিরতি পাব। আমাদের এই বিরতিগুলো ভালোভাবে কাজে লাগাতে হবে। ফলে এই সময় তারা (স্টার্ক ও কামিন্স) বিশ্রাম চাইবে বলে আমার মনে হয় না।’

বাঁহাতি ফাস্ট বোলার স্টার্ক এখন পর্যন্ত চলতি বিশ্বকাপে ১৯ উইকেট নিয়ে সবার ওপরে আছেন। অন্য দিকে কামিন্স প্রথম ৫ ম্যাচেই তুলে নিয়েছিলেন ১১ উইকেট। এরপর বাংলাদেশ ও ইংল্যান্ড ম্যাচে কামিন্স আর উইকেট পাননি।

পরপর দুই ম্যাচে কামিন্সের উইকেটশূন্য থাকা নিয়ে একটুও চিন্তিত নন ল্যাঙ্গার। তিনি বলছিলেন, ‘সে গত দুই ম্যাচে কোনো উইকেট পায়নি। তার পরও সে দলের এখনো অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। সে এমন একজন খেলোয়াড়, যার ওপর সব সময় ভরসা করা যায়। যখন আপনার উইকেট লাগবে বা খেলার ওপর নিয়ন্ত্রণ লাগবে, তখন তার ওপর ভরসা করতে পারেন। সে দলকে অনেক কিছু দিচ্ছে।’

অবশ্য স্টার্ক ও কামিন্স দুজনকেই ম্লান করে দিয়েছেন শেষ ম্যাচে জেসন বেহেরনডর্ফ। তিনি ইংল্যান্ডের বিপক্ষে ৪৪ রানে তুলে নিয়েছেন ৫ উইকেট। ল্যাঙ্গার বলছিলেন, এই তরুণ ফাস্ট বোলারের আত্মবিশ্বাসে এই পারফরম্যান্স খুব প্রভাব ফেলবে, ‘ইংল্যান্ডে এসে এত বড়ো আসরে সে যে পারফরম করেছে, এটা তার আত্মবিশ্বাসকে অনেক বাড়িয়ে দেবে। সে খুব ভালো একজন ক্রীড়াবিদ। আর অসাধারণ পেশাদার খেলোয়াড়।’