মহম্মদপুরে সাত মাসের অন্তঃসত্ত্বা মুক্তা পারভীন (২৭) নামে এক নারী হামলার শিকার হয়েছেন। গত ২২ জুন আঘাতজনিত কারণে মাগুরা সদর হাসপাতালে অপরিণত একটি কন্যা সন্তান প্রসব করেন তিনি। প্রসবের চারদিন পর মারা যায় নবজাতক। মুক্তার স্বামী মসলেম আলী মোল্যা এ ঘটনায় পলাশবাড়ীয়া ইউনিয়নের নারিকেলবাড়িয়া গ্রামের আওয়ামী লীগ নেতা সৈয়দ সিকান্দার আলীকে প্রধান আসামি করে ছয় জনের নামে মামলা করেছেন। এদিকে মামলার পাঁচ দিন পার হয়ে গেলেও আসামিদের গ্রেফতার করতে পারেনি পুলিশ।
জানা যায়, বাঁশ বিক্রয়ের পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে গত ১৪ জুন সিকান্দার আলীসহ ছয়জন মুক্তার ভাই আহাদকে গালিগালাজ করে। এ সময় মুক্তা প্রতিবাদ করেন। এতে সিকান্দার আলীসহ অন্যরা মুক্তার ওপর হামলা করেন। তবে অভিযুক্ত সৈয়দ সিকান্দার আলী বলেন, দীর্ঘ দুই বছর ধরে ঐ পরিবারটিকে আর্থিকভাবে সহায়তা দিয়ে এসেছি। কিন্তু বর্তমানে আমার প্রতিপক্ষের সঙ্গে মিশে আমার বিরুদ্ধে চক্রান্ত চালাচ্ছে। এ ঘটনার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। মহম্মদপুর থানার ওসি (তদন্ত) এবং মামলার তদন্ত অফিসার লিটন কুমার সরকার জানান, আসামিরা আত্মগোপনে আছে। তাদের গ্রেফতারে পুলিশ তত্পর রয়েছে।
