আফগানিস্তান দলে আবারও ঝামেলা

আপডেট : ২৮ জুন ২০১৯, ২২:৩৪

 ‘বিশেষ পরিস্থিতি’ তৈরি হওয়ায় বিশ্বকাপ দলে আরো একটা রদবদল করেছে আফগানিস্তান। তাদের পেস বোলার আফতাব আলমের বদলে আহমেদ শিরজাদের দলে অন্তর্ভুক্তি অনুমোদন দিয়েছে আইসিসি।

আফগানিস্তান ক্রিকেট বোর্ডের (এসিবি) পক্ষ থেকে একটা বিবৃতি দিয়ে জানানো হয়েছে আইসিসি ও এসিবির শৃঙ্খলা বিষয়ক নিয়ম ভঙ্গ করায় এই আফতাবকে দেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন তারা। কিন্তু ঠিক কী শৃঙ্খলাভঙ্গ হয়েছে, সেটা জানানো হয়নি।

বিশ্বকাপের কিছুদিন আগে থেকে শুরু হয়েছে আফগানিস্তান ক্রিকেটের গোলমাল। হঠাত্ করেই নিয়মিত অধিনায়ক আজগর আফগানকে সরিয়ে অধিনায়ক করা হয় গুলাবদিন নাইবকে। প্রকাশ্যে এই সিদ্ধান্তে প্রতিবাদ করেন রশীদ খান ও মোহাম্মদ নবী। এরপর বিশ্বকাপের শুরুর দিকে ইনজুরিতে পড়েছেন বলে দেশে ফেরত পাঠানো হয় মোহাম্মদ শাহজাদকে। কিন্তু শাহজাদ দেশে ফিরেই অভিযোগ করেন, তার কোনো ইনজুরি নেই। বিদ্বেষ থেকে তাকে ফেরত পাঠানো হয়েছে।

সর্বশেষ এই আফতাবের বিতর্ক। যে বিতর্ক নিয়ে এসিবি বলেছে, ‘বিশেষ পরিস্থিতি তৈরি হওয়ায় আফতাব আলমকে দেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সে আইসিসি ও এসিবির শৃঙ্খলা বিষয়ক আইন ভঙ্গ করেছে।’