স্টোভ বিস্ফোরণে তিন কলেজছাত্রী দগ্ধ

আপডেট : ২৮ জুন ২০১৯, ২২:৪৩

কেরোসিনের চুলা (স্টোভ) বিস্ফোরণে নাটোরের নবাব সিরাজ-উদ-দৌলা সরকারি কলেজের তিন ছাত্রী দগ্ধ হয়েছে। তারা কলেজের উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে শহরের বড়গাছা এলাকার একটি ছাত্রীনিবাসে রান্নার সময় এই বিস্ফোরণের ঘটনা ঘটে। অগ্নিদগ্ধ দুজনকে রাজশাহী মেডিক্যাল কলেজে এবং অপরজনকে নাটোর আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। দগ্ধ ছাত্রীরা হলেন: সানজিদা ইয়াসমিন (১৭), শামীমা খাতুন (১৭) ও ফাতেমাতুজ্জোহরা (১৮)

স্থানীয়রা জানান, দীর্ঘদিন থেকে ঐ তিন ছাত্রী শহরের বড়গাছা এলাকার আবুল কাশেমের মালিকানাধীন জ্যোতি ছাত্রীনিবাসে থাকেন। সকালে শামীমা স্টোভে খিচুড়ি রান্নার সময় কেরোসিন ফুরিয়ে যায়। এ সময় সানজিদা স্টোভে কেরোসিন ঢালতে গেলে বিস্ফোরণ ঘটে। প্রথমে তারা দুইজন অগ্নিদগ্ধ হন। তাদের বাঁচাতে এসে ফাতেমাতুজ্জোহরা দগ্ধ হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে নাটোর আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে। পরে অবস্থার অবনতি হলে শামিমা ও সানজিদাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

নাটোর আধুনিক সদর হাসপাতালের চিকিত্সকরা জানিয়েছেন, আগুনে সানজিদা ইয়াসমিন ও শামীমা খাতুনের শরীরের প্রায় ৫০ থেকে ৬০ ভাগ পুড়ে গেছে। অগ্নিদগ্ধ সানজিদা ইয়াসমিন ও ফাতেমাতুজ্জোহরা জেলার লালপুর উপজেলার আব্দুলপুর এলাকার বাসিন্দা এবং শামীমা খাতুন গুরুদাসপুর উপজেলার নাজিরপুর এলাকার বাসিন্দা বলে জানা গেছে। নাটোর নবাব সিরাজ-উদ-দৌলা সরকারি কলেজের অধ্যক্ষ শামসুজ্জোহা ও নাটোর সদর থানার ওসি জালাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।